NEET-এ ৩টি ভুয়ো মার্কশিট পেশ! হাইকোর্টে ভণ্ডামি ফাঁস হতেই জেলে যাওয়ার মুখে পরীক্ষার্থী

NEET-এ ৩টি ভুয়ো মার্কশিট পেশ! হাইকোর্টে ভণ্ডামি ফাঁস হতেই জেলে যাওয়ার মুখে পরীক্ষার্থী

কলকাতা: নিট-ইউজি (NEET-UG) পরীক্ষায় তিনটি পৃথক মার্কশিট পাওয়ার অদ্ভুত ও চাঞ্চল্যকর দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে চরম বিপাকে পড়লেন এক পরীক্ষার্থী। মামলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) পেশ করা তথ্য যাচাইয়ের পর প্রকাশ্যে আসে এক বিস্ফোরক তথ্য—আবেদনকারীর জমা দেওয়া সমস্ত মার্কশিট, স্কোরকার্ড এবং ওএমআর (OMR) শিট সম্পূর্ণ জাল ও বিকৃত।

শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলাটি উঠলে এনটিএ-র আইনজীবী স্পষ্টভাবে জানান যে, পরীক্ষার্থীর করা অভিযোগ পুরোপুরি বানোয়াট। আদালতে জমা দেওয়া স্কোরকার্ডটি পরীক্ষার্থী ২০২৫ সালের বলে দাবি করলেও তা প্রকৃতপক্ষে আগের বছরের ছিল। এমনকি ওএমআর শিটটিতেও ইচ্ছাকৃতভাবে কারচুপি করা হয়েছে। সংস্থার দাবি, জাল নথির সাহায্যে সরাসরি বিচারব্যবস্থাকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়েছিল।

উভয় পক্ষের সওয়াল-জবাব শুনে চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি পর্যবেক্ষণ করেন যে, আদালতের পবিত্র আঙিনায় ভুয়ো নথি পেশ করে বিচারব্যবস্থাকে প্রভাবিত করার এই প্রবণতা অত্যন্ত বিপজ্জনক। এরপরই তিনি মামলাটি খারিজ করে দেন এবং অভিযুক্ত পরীক্ষার্থীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

NTA সূত্রে জানা গেছে, পরীক্ষার নিয়মাবলী অনুযায়ী অভিযুক্ত পরীক্ষার্থীর বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে আগামী ৩ বছরের জন্য NEET পরীক্ষায় বসা থেকে নিষিদ্ধ (Debar) করা হতে পারে। আইনি বিশেষজ্ঞদের মতে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় জালিয়াতি রোখাত কলকাতা হাইকোর্টের এই কঠোর অবস্থান একটি দৃষ্টান্তমূলক বার্তা দিলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *