হানিট্র্যাপের জালে হেভিওয়েটরা? জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেপ্তার, ফাঁদা হয়েছিল ভয়ংকর ষড়যন্ত্র

হানিট্র্যাপের জালে হেভিওয়েটরা? জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেপ্তার, ফাঁদা হয়েছিল ভয়ংকর ষড়যন্ত্র

জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) জঙ্গি সন্দেহে ধৃত হামিম মণ্ডলের গ্রেপ্তারের পর সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। এবার স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর জালে ধরা পড়েছে হামিমের বান্ধবী অর্পিতা সরকার। শুক্রবার গভীর রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে অর্পিতাকে গ্রেপ্তার করে বর্ধমান থানায় নিয়ে আসা হয়। গোয়েন্দাদের দাবি, প্রভাবশালী ব্যক্তিদের ‘হানিট্র্যাপ’ (Honeytrap)-এর ফাঁদে ফেলা এবং অপহরণের মতো বিপজ্জনক অ্যাসাইনমেন্ট সম্পাদন করাই ছিল এই অর্পিতার প্রধান কাজ।

কীভাবে ফাঁদ পেতেছিল অর্পিতা? তদন্তকারীদের মতে, পুরো চক্রটিতে মূল ‘টোপ’ হিসেবে কাজ করত অর্পিতা। যৌনতার লোভ দেখিয়ে এবং প্রেমের ফাঁদে ফেলে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের নিশানা করাই ছিল তার লক্ষ্য। তাদের কাছ থেকে সংবেদনশীল ও স্পর্শকাতর তথ্য হাতিয়ে অর্পিতা তা পৌঁছে দিত ধৃত জঙ্গি হামিমের কাছে। হামিমকে টানা জেরার পরই অর্পিতার নাম সামনে আসে। শনিবার অর্পিতাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

শুভেন্দু অধিকারীসহ হেভিওয়েটরা ছিল নিশানায় পূর্ব বর্ধমানের বাসিন্দা হামিম হাওড়ার একটি কারখানায় কাজ করার আড়ালে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর নির্দেশে কাজ করত বলে গোয়েন্দাদের দাবি। হামিমের মোবাইল ও ল্যাপটপ পরীক্ষা করে দেখা গেছে, সে রাজ্যের বিজেপি ও আরএসএস নেতাদের গতিবিধির ওপর নজর রাখত। এমনকী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তার অন্যতম প্রধান টার্গেট ছিলেন। জানা গেছে, নিউটাউনে শুভেন্দুর যাতায়াতের নির্দিষ্ট রুটে ব্যক্তিগতভাবে গিয়ে রেকিও করেছিল হামিম।

শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া ঘটনার গুরুত্ব অনুধাবন করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, “বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। এর পিছনে আন্তর্জাতিক সংযোগ রয়েছে। এসটিএফ ধৃতদের ডিজিটাল ডিভাইস ঘেঁটে যা পাচ্ছে, তা গোয়েন্দারা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন।”

বর্তমানে অর্পিতা ও হামিমকে সামনাসামনি বসিয়ে জেরা করে পুরো ষড়যন্ত্রের মূল শিকড়ে পৌঁছাতে চাইছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *