মোদীকে নিয়ে অশালীন মন্তব্য: হাতজোড় করে কাঁদলেন ১৫ বছরের কিশোরী, চাইলেন ক্ষমা!

দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্য করে তীব্র বিতর্কের মুখে পড়েছিল এক নাবালিকা। অবশেষে সেই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে হাতজোড় করে দেশবাসীর কাছে ক্ষমা চাইল ১৫ বছরের সেই কিশোরী।
ভিডিওতে কী বলল কিশোরী?
ভাইরাল হওয়া ভিডিওটিতে অশ্রুসজল চোখে কিশোরীটিকে বলতে শোনা যায়, “বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ভিড়ের প্ররোচনায় পা দিয়ে ফেলেছিলাম। আমি যে অন্যায় করেছি তা ক্ষমার যোগ্য নয়। এটি আমার জীবনের প্রথম ও শেষ ভুল।” নিজেকে ১৫ বছরের নাবালিকা দাবি করে সে পুরো দেশের কাছে ক্ষমা চেয়ে নেয়। (তবে এই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি)।
মোদীর বার্তা এবং আইনি পদক্ষেপ
উল্লেখ্য, এই ঘটনার আগেই শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, তরুণ সমাজ ভুল করতেই পারে এবং তিনি তাঁদের মন থেকে ক্ষমা করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই মানবিক বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই কিশোরীর এই ক্ষমা প্রার্থনার ভিডিও সামনে আসে।
এদিকে, গত ২৩ জুলাইয়ের এই ঘটনার ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক ধারায় এফআইআর (Zero FIR) রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রের খবর, নয়ডার যে আবাসনে কিশোরীটি তার মায়ের সঙ্গে থাকত, সেখানে বর্তমানে তালা ঝুলছে। অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে ফৌজদারি মামলা রুজু করার বিষয়টিকে বাক-স্বাধীনতার ওপর আঘাত হিসেবে মন্তব্য করে পুলিশের পদক্ষেপের সমালোচনা করেছে আন্দোলনকারী সংগঠন CJP।