“স্বাধীনতা যা খুশি করার নাম নয়”, ‘জেন-জি’ আন্দোলনে অজিত দোভালের সতর্কবার্তা!

পুনে: “স্বাধীনতা মানে যা খুশি তা করার অধিকার নয়”—সম্প্রতি দেশজুড়ে ‘জেন-জি’ (Gen-Z) শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে তরুণ প্রজন্মকে এভাবেই সতর্ক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত দোভাল। শনিবার পুনেতে মর্যাদাপূর্ণ ‘লোকমান্য তিলক জাতীয় পুরস্কার ২০২৬’ গ্রহণ করার পর তরুণদের প্রতি লোকমান্য তিলকের জাতীয়তাবাদী আদর্শ ও দেশপ্রেমের চেতনা অনুধাবনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানমঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনএসএ অজিত দোভালের হাতে এই পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, সম্প্রতি নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস ও প্রশাসনিক অব্যবস্থার প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে তরুণ শিক্ষার্থীদের গণবিক্ষোভ কেন্দ্র সরকারের ওপর প্রবল রাজনৈতিক চাপ সৃষ্টি করেছিল। যার জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগও করতে হয়। একদিকে আন্দোলনকারী তরুণরা যখন বাকস্বাধীনতা, স্বচ্ছতা ও জবাবদিহির ওপর জোর দিচ্ছেন, অন্যদিকে অজিত দোভাল স্মর করিয়ে দেন যে লাগামহীন অবাধ্যতার চেয়ে সামাজিক স্থিতিশীলতা ও দেশ গঠনে আত্মনিয়োগ করা বেশি প্রয়োজন।
অজিত দোভাল বলেন, স্বাধীনতা আজকের তরুণদের কাছে হয়তো খুব সহজলভ্য মনে হতে পারে, কিন্তু তিলকের সময়ে এই পথ চরম কষ্ট ও সংগ্রামে ভরা ছিল। নিজের বা সংকীর্ণ স্বার্থকে দূরে সরিয়ে রেখে দেশের এই ঐতিহাসিক মোড়ে তরুণদের পূর্ণাঙ্গভাবে ‘জাতি গঠনে’ ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।