মা ফ্লাইওভারে ফের চিনা মাঞ্জার আতঙ্ক! মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর জখম স্কুল শিক্ষিকা!

মা ফ্লাইওভারে ফের চিনা মাঞ্জার আতঙ্ক! মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর জখম স্কুল শিক্ষিকা!

কলকাতা: কলকাতার ব্যস্ত মা ফ্লাইওভারে ফের ফিরল খুনে ‘চিনা মাঞ্জা’-র আতঙ্ক। চিনা ঘুড়ির সুতোয় জড়িয়ে এবার গুরুতর জখম হলেন এশা মণ্ডল নামে শহরের এক নামী স্কুলের শিক্ষিকা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁর মুখ থেকে প্রচুর কাচের গুঁড়ো বার করেন। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

দুর্গাপুরের বাসিন্দা এশা মণ্ডল বিগত তিন বছর ধরে কলকাতায় থেকে শিক্ষকতা করছেন। শনিবার একটি বাইক-ট্যাক্সি চেপে মা ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় হঠাৎই তাঁদের সামনে ভেসে আসে একটি ধারালো চিনা মাঞ্জা। চালক সুতোটি দেখতে পেয়ে দ্রুত মাথা নিচু করে নিজেকে বাঁচালেও, পিছনের আরোহী এশা দেবী বিষয়টি টের পাননি। মুহূর্তের মধ্যেই সেই সুতোয় তাঁর নাক, চোখ ও মুখের একাধিক অংশ গভীরভাবে কেটে রক্তাক্ত হয়ে যায়।

‘মনে হয়েছিল বিদ্যুতের শক খেলাম!’

ঘটনার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে এশা জানান, “সুতোটা যখন মুখে লাগে, মনে হয়েছিল বিদ্যুতের শক খেলাম। বাইক থামানোর পর দেখি মুখ বাজেভাবে কেটে গেছে।” তিনি আরও জানান, চোখে চশমা থাকার কারণে বরাতজোরে চোখ বেঁচে গেছে, যদিও চশমার কাচে ঘষা লেগে গভীর দাগ তৈরি হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

মা ফ্লাইওভারে বারবার এই চিনা মাঞ্জার তাণ্ডব চলায় চরম আতঙ্কে রয়েছেন জখম শিক্ষিকা ও তাঁর পরিবার। এর আগেও এই ফ্লাইওভারে চিনা মাঞ্জার আঘাতে একাধিক পথচারী জখম হয়েছেন এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে, যা নিয়ে সাধারণ মানুষের সুরক্ষা ফের প্রশ্নের মুখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *