সিবালের ১ কোটি টাকার অনুদান বিতর্ক! নির্বাচন কমিশন ও জিএসটি কর্তৃপক্ষের দ্বারস্থ গুজরাটের RTI কর্মী
August 2, 202611:58 am

নিট (NEET) আন্দোলনকারীদের আইনি লড়াইয়ে আর্থিক সাহায্যের ঘোষণা ঘিরে শুরু হলো নতুন আইনি বিতর্ক। আন্দোলনকারীদের সহযোগিতার উদ্দেশ্যে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র গড়ে তোলা তহবিলে এক কোটি টাকা অনুদান দেওয়ার কথা জানান প্রবীণ আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ কপিল সিবাল। আর এই অনুদান নিয়েই এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন গুজরাটের এক তথ্যের অধিকার (RTI) কর্মী।
সুরাটের আরটিআই কর্মী অমিত তিওয়ারির অভিযোগ, ককরোচ জনতা পার্টি নির্বাচন কমিশনে নিবন্ধিত (Registered) রাজনৈতিক দল না হওয়া সত্ত্বেও রাজনৈতিক সংগঠনের মতোই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ১৯৫১ সালের জনপ্রতিনিধি আইনের ২৯এ অনুচ্ছেদ উল্লেখ করে তিনি দাবি করেন, এই ধরনের সংগঠন কীভাবে কোটি টাকার অনুদান পাচ্ছে, তা নির্বাচন কমিশনের অবিলম্বে খতিয়ে দেখা উচিত।
তদন্তের জোড়া আর্জি:
- জিএসটি বিতর্ক: সিবালের ঘোষিত এই ১ কোটি টাকার অনুদানের ওপর জিএসটি (GST) প্রযোজ্য হবে কি না, তা তদন্তের অনুরোধ জানিয়ে ‘কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক পর্ষদ’ (CBIC)-কে চিঠি দিয়েছেন ওই আরটিআই কর্মী।
- বিদেশে পড়াশোনার উৎস নিয়ে প্রশ্ন: সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিদেশে পড়াশোনার খরচ নিয়েও প্রশ্ন তুলেছেন অমিত তিওয়ারি। মহারাষ্ট্র সরকারের একজন অবসরপ্রাপ্ত কর্মী কীভাবে তাঁর ছেলের বিদেশে উচ্চশিক্ষার বিপুল খরচ বহন করলেন, তাও তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে।