মা ফ্লাইওভারে ফের চিনা মাঞ্জার থাবা! বাইক-ট্যাক্সিতে যাওয়ার পথে গুরুতর জখম স্কুল শিক্ষিকা
কলকাতা: কলকাতার অন্যতম ব্যস্ত মা ফ্লাইওভারে থামছেই না নিষিদ্ধ চিনা মাঞ্জার আতঙ্ক। এবার এই প্রাণঘাতী সুতোর শিকার হলেন শহরের এক বেসরকারি স্কুলের শিক্ষিকা এশা মণ্ডল। শনিবার এক বাইক-ট্যাক্সিতে চেপে মা ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় আচমকাই চিনা মাঞ্জা তাঁর মুখে পেঁচিয়ে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হন তিনি।
যেভাবে ঘটল দুর্ঘটনা
দুর্গাপুরের বাসিন্দা এশা গত তিন বছর ধরে কলকাতায় থেকে শিক্ষকতা করছেন। শনিবার তিনি বাইক-ট্যাক্সিতে করে মা ফ্লাইওভার পার হচ্ছিল। চালক সুতোটি দেখতে পেয়ে দ্রুত মাথা নিচু করে নিজেকে সামলে নিলেও, এশা তা খেয়াল করতে পারেননি। মুহূর্তের মধ্যে ধারালো সুতো তাঁর মুখে এসে লাগে। এশার কথায়, “মনে হয়েছিল যেন তীব্র বিদ্যুতের শক লাগল।”
সুতো টেনে তাঁর নাক, চোখ এবং মুখের একাধিক অংশ গভীর ক্ষত তৈরি করে কেটে যায়। তড়িঘড়ি বাইক চালকই তাঁকে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকদের তৎপরতা ও বর্তমান অবস্থা
এসএসকেএমের চিকিৎসকরা জানিয়েছেন, চিনা মাঞ্জার ধারালো প্রলেপের প্রচুর কাচের গুঁড়ো এশার ক্ষতস্থানে আটকে ছিল। তবে সৌভাগ্যবশত দুর্ঘটনার সময় চোখে চশমা থাকায় চোখ বড়সড় ক্ষতির হাত থেকে বেঁচে গেছে—যদিও ঘর্ষণে চশমার কাচ ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিক অস্ত্রোপচার ও ক্ষতস্থান পরিষ্কারের পর তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল হলেও এই ঘটনায় প্রচণ্ড আতঙ্কে রয়েছেন শিক্ষিকা ও তাঁর পরিবার।