সিবালের ১ কোটির অনুদান ঘিরে তোলপাড়! সিবাল ও দীপকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আরটিআই কর্মী!

নিট (NEET) আন্দোলনের আইনি সহায়তায় কোটি টাকার অনুদানকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। নিট আন্দোলনে যুক্ত হয়ে আইনি জটিলতায় পড়া শিক্ষার্থীদের সহায়তায় একটি তহবিল গড়ার ঘোষণা দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। সেই তহবিলে প্রবীণ আইনজীবী ও রাজ্যসভার সাংসদ কপিল সিবাল ১ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এবার এই বিষয়টিতেই নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করলেন গুজরাটের এক তথ্যের অধিকার (RTI) কর্মী।
সুরাটের আরটিআই কর্মী অমিত তিওয়ারি অভিযোগ করেছেন, সিজেপি কোনো নিবন্ধিত সংগঠন না হওয়া সত্ত্বেও রাজনৈতিক দলের মতো কর্মকাণ্ড চালাচ্ছ। ১৯৫১ সালের জনপ্রতিনিধি আইনের ২৯এ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের উচিত এই এক কোটি টাকার অনুদান ও তাদের কার্যক্রম তদন্ত করে দেখা। শুধু তাই নয়, কপিল সিবালের প্রতিশ্রুত এই অর্থের ওপর জিএসটি (GST) প্রযোজ্য কি না, তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক পর্ষদকেও (CBIC) চিঠি দিয়েছেন তিনি।
তাছাড়া, সিজেপি নেতা অভিজিৎ দীপকের বিদেশে পড়াশোনার খরচ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তাঁর বাবা মহারাষ্ট্র সরকারের একজন অবসরপ্রাপ্ত কর্মী হওয়া সত্ত্বেও কীভাবে ছেলে বিদেশে পড়ার বিপুল খরচ চালাচ্ছেন, সেই বিষয়েও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ওই আরটিআই কর্মী।