প্যাসিভ স্মোকিংয়েও স্ট্রোকের ভয়! আজই বদলান জীবনের এই ৬টি অভ্যাস!

স্ট্রোক সাধারণত কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই হঠাৎ হানা দেয়। তবে আমাদের দৈনন্দিন জীবনের কিছু বাজে অভ্যাসের কারণেই এর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ‘ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন’-এর মতে, জীবনযাপনে মাত্র ৬টি সহজ পরিবর্তন আনলেই স্ট্রোকের মতো বড় বিপদ এড়ানো সম্ভব।
১. নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন
উচ্চ রক্তচাপ (High BP) মস্তিষ্কের রক্তনালিকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে। তাই প্রেশার নিয়ন্ত্রণে রাখা জরুরি। প্রয়োজনে নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেতে হবে।
২. প্রতিদিন শরীর চর্চা ও শারীরিকভাবে সক্রিয় থাকা
সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ঘাম ঝরানো ব্যায়াম হৃদযন্ত্র ও রক্তনালিকে সতেজ রাখে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক বজায় রাখে।
৩. পরোক্ষ ধূমপান বা ‘প্যাসিভ স্মোকিং’ এড়িয়ে চলুন
শুধু নিজে ধূমপান করাই নয়, অন্য কারও ছেড়ে দেওয়া ধোঁয়া বা ‘প্যাসিভ স্মোকিং’-ও রক্তনালির ক্ষতি করে এবং রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই সব ধরনের ধোঁয়া থেকেই দূরে থাকুন।
৪. কোলেস্টেরল ও সুগার নিয়ন্ত্রণে রাখা
রক্তে কোলেস্টেরল বেশি থাকলে রক্তনালিতে ফ্যাট জমে মস্তিষ্কে রক্ত চলাচলে বাধা তৈরি করে। একইভাব ডায়াবিটিসও রক্তনালির ক্ষতি করে। তাই এই ক্রনিক রোগগুলোকে অবহেলা না করে নিয়ন্ত্রণে রাখা জরুরি।
৫. কিছু সাধারণ শারীরিক উপসর্গকে অবহেলা করবেন না
অনিয়মিত হৃদস্পন্দন, বারবার মাথা ঘোরা, হুট করে শারীরিক দুর্বলতা, কথা জড়িয়ে যাওয়া বা চোখে ঝাপসা দেখার মতো লক্ষণ দেখা দিলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
৬. খাবার পাতে আনুন পরিবর্তন
প্রসেসড বা প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত তেল-মশলা এড়িয়ে দৈনন্দিন খাদ্যতালিকায় প্রচুর শাকসবজি, তাজা ফল ও দানাশস্য যোগ করুন। সঠিক ডায়েটই আপনাকে দীর্ঘমেয়াদে স্ট্রোক থেকে সুরক্ষিত রাখবে।