“হঠাৎ ক্ষমতা পেয়ে বদলে যাচ্ছেন নতুন বিধায়করা!”—তোলাবাজি ইস্যুতে স্বদলীয়দের কড়া হুঁশিয়ারি দিলীপের!

“হঠাৎ ক্ষমতা পেয়ে বদলে যাচ্ছেন নতুন বিধায়করা!”—তোলাবাজি ইস্যুতে স্বদলীয়দের কড়া হুঁশিয়ারি দিলীপের!

রাজ্য রাজনীতিতে ফের স্বকীয় ভঙ্গিমায় বিস্ফোরক বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ। তসলিমা নাসরিনের কলকাতায় প্রত্যাবর্তন, রবীন্দ্র সদনে কবি জয় গোস্বামীকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক থেকে শুরু করে বীরভূমের বিপুল টাকা উদ্ধার এবং নিজের দলের নতুন বিধায়কদের আচরণ—একাধিক ইস্যুতে রবিবার মুখ খোলেন তিনি।

১. ‘ক্ষমতার স্বাদে বদলে যাচ্ছেন নতুন বিধায়করা’

রাজ্যের বিভিন্ন প্রান্তে তোলাবাজির অভিযোগ ও তাতে দলের কর্মীদের একাংশের নাম জড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানান, বহু নতুন বিধায়ক এতদিন ক্ষমতার স্বাদ পাননি, তাই হঠাৎ ক্ষমতা পেয়ে বদলে যাচ্ছেন এবং এই ‘নতুন মধুতে’ আসক্ত হয়ে পড়ছেন। সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “দলের কর্মীরাই অভিযোগ জানাচ্ছেন। ছ’মাস যেতে দিন, পার্টি সব হিসেব বুঝে নেবে।”

২. তসলিমা নাসরিন ও জয় গোস্বামী বিতর্ক

তসলিমা নাসরিনের কলকাতায় ফিরে আসাকে স্বাগত জানিয়ে দিলীপ বাবু বলেন, অতীতে তসলিমাকে অত্যাচার করে তাড়ানো বাঙালির জন্য অপমানজনক ছিল। আজ যারা ‘সেকুলারিজমের’ বড় বড় কথা বলছেন, তারা সেদিন তসলিমার পাশে দাঁড়াননি। তাই জয় গোস্বামীকে কেন্দ্র করে রবীন্দ্র সদনের ঘটনায় সাধারণ মানুষের যে প্রতিবাদ গড়ে উঠেছে, তা স্বাভাবিক প্রতিক্রিয়া মাত্র।

৩. বীরভূমে কোটি কোটি টাকা উদ্ধার ও প্রধানমন্ত্রীকে কটূক্তি

বীরভূমের মহম্মদ বাজারে কোটি কোটি টাকা উদ্ধার প্রসঙ্গে তাঁর বক্তব্য, গরিব জেলার সম্পদ সরকারি মদতে লুঠ হয়েছে, তদন্ত করে সব ফেরত আনা হবে। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে যুব সমাজের একাংশের কটূক্তি প্রসঙ্গে দিলীপ বলেন, “অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী তাদের ক্ষমা করে দিয়েছেন। কিন্তু এতে ওই যুবকদের পরিবার ও সংগঠনের সংস্কৃতির আসল চেহারা দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *