রাস্তায় বালি-ইট কিংবা থুতু ফেললেই খেসারত! ১ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে কড়া নির্দেশ পুরমন্ত্রীর!
August 2, 20267:03 pm

নিজস্ব সংবাদদাতা: বাড়ি তৈরির বালি, পাথর বা ইট রাস্তায় ফেলে রাখার দিন শেষ! ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় নির্মাণসামগ্রী ফেলে রাখলেই গুণতে হবে জরিমানা। রবিবার শিলিগুড়ি সফরে গিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সাফ জানিয়ে দেন, “বাড়ি তৈরির কাজ চললেও রাস্তায় বালি-ইট রাখা যাবে না। রাস্তা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, যা করার বাড়ির ভেতরেই রাখতে হবে।”
১ সেপ্টেম্বর থেকে যেসব বিষয়ে কড়াকড়ি ও জরিমানা:
- রাস্তায় নির্মাণসামগ্রী: বালি, পাথর বা ইট ফেলে রাখলে দিতে হবে জরিমানা।
- ফাঁকা জমির পরিচ্ছন্নতা: নিজের ফাঁকা জমি পরিষ্কার রাখার দায়বদ্ধতা মালিকের। জমিতে জল বা নোংরা জমে ডেঙ্গুর মশা বংশবৃদ্ধি করলে নেওয়া হবে ব্যবস্থা।
- প্লাস্টিক ও নোংরা: ১ সেপ্টেম্বর থেকে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারে জরিমানা।
- প্রকাশ্যে থুতু ও শৌচকর্ম: রাস্তায় থুতু ফেলা বা শৌচকর্ম করলে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
উত্তরবঙ্গের উন্নয়নে বড় ঘোষণা:
শিলিগুড়ি সফরের পাশাপাশি দার্জিলিং ও উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন নিয়েও বার্তা দেন পুরমন্ত্রী। তিনি জানান:
- দার্জিলিংয়ের সিঞ্চল লেকের কাজ শেষের মুখে, যা শেষ হলে পাহাড়ের সুপেয় জলের সমস্যা অনেকটাই মিটবে।
- মিরিক লেকের সৌন্দর্যায়ন বাড়িয়ে আরও আকর্ষণীয় করে তোলা হবে।
- দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, মিরিক এবং শিলিগুড়িতে ট্র্যাফিক, পানীয় জল ও জলনিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে।
রাজ্যজুড়ে পুরসভা এলাকাগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং নাগরিক পরিষেবা উন্নত করতে এই নয়া নিয়ম ১ সেপ্টেম্বর থেকেই কঠোরভাবে কার্যকর করা হবে বলে মন্ত্রী নিশ্চিত করেছেন।