বাড়ি বসেই ডিজিটাল জনগণনা: অনলাইনেই জমা দিন পরিবারের তথ্য, জানুন প্রয়োজনীয় নথি ও নিয়মাবলি

ভারতে প্রথমবার শুরু হয়েছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা (Census)। ১ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত সাধারণ নাগরিকেরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে তাঁদের পরিবারের যাবতীয় তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন। এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে ‘সেলফ এনুমারেশন’ (Self Enumeration)।
কীভাবে করবেন সেলফ এনুমারেশন?
- অফিসিয়াল ওয়েবসাইট: সেনসাসের নিজস্ব পোর্টাল se.census.gov.in-এ গিয়ে সেলফ এনুমারেশন সম্পন্ন করা যাবে।
- লগ-ইন প্রক্রিয়া: পরিবারের প্রধান বা তাঁর অনুমোদিত যে কোনো সদস্য একটি সচল মোবাইল নম্বর দিয়ে পোর্টালে লগ-ইন করতে পারবেন। মোবাইলে প্রাপ্ত OTP-র মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন হবে।
অনলাইনে তথ্য জমা দেওয়ার আগে যা যা হাতের কাছে রাখবেন:
১. প্রাথমিক ও ঠিকানার তথ্য: গৃহকর্তা বা কর্ত্রীর নাম, পরিবারের মোট সদস্য সংখ্যা, স্থায়ী ঠিকানা ও পিনকোড। (একই বাড়িতে একাধিক পৃথক রান্নাঘর/সংসার থাকলে, তাদের আলাদা পরিবার হিসেবে গণনা করা হবে)।
২. বাসস্থানের বিবরণ: বাড়িটির মালিকানা (নিজস্ব নাকি ভাড়া), ব্যবহারের ধরন (আবাসিক বা বাণিজ্যিক), ঘরের সংখ্যা এবং মেঝের, দেওয়াল ও ছাদ কী দিয়ে তৈরি তার বিস্তারিত।
৩. মৌলিক সুযোগ-সুবিধা: পানীয় জল ও আলোর প্রধান উৎস, শৌচাগারের সুবিধা ও ধরন, রান্নাঘরের ব্যবস্থা এবং রান্নার জ্বালানির ধরন।
৪. ব্যক্তিগত সম্পদ ও সুযোগ-সুবিধা: ঘরে টিভি, রেডিও, ল্যাপটপ, কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, স্মার্টফোন আছে কিনা এবং বাইক, স্কুটার বা চার চাকার গাড়ি রয়েছে কিনা তার তথ্য।
ডিজিটাল ফর্ম পূরণের সুবিধা ও পরবর্তী ধাপ:
- সহজ ইন্টারফেস: ফর্মের সিংহভাগ প্রশ্নই এমসিকিউ (Multiple Choice) প্রকৃতির। যেকোনো ভাষায় নাম লেখার জন্য ‘Phonetic Keyboard’ ও ‘Virtual Keyboard’-এর সুবিধা রয়েছে।
- রিভিউ ও ড্রাফট সেভ: কোনো তথ্য আসাম্পূর্ণ থাকলে সিস্টেম নিজেই অ্যালার্ট পাঠাবে। চূড়ান্ত জমা (Submit) দেওয়ার আগে তথ্য সংশোধন বা ড্রাফট হিসেবে সেভ করে রাখা যাবে।
- SEID জেনারেশন: সফলভাবে ফর্ম জমা হওয়ার পর স্ক্রিনে ১১ অঙ্কের একটি ‘Self Enumeration ID’ (SEID) ফুটে উঠবে (যা ‘H’ অক্ষর দিয়ে শুরু) এবং তা এসএমএস-এর মাধ্যমেও মোবাইলে আসবে।
- গণনাকারীর যাচাই: পরবর্তীতে যখন জনগণনা কর্মী (Enumerator) বাড়িতে আসবেন, তাঁকে শুধু এই SEID নম্বরটি দেখালেই চলবে।
বিশেষ সতর্কবার্তা: অনলাইনে তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক নয়। যারা অনলাইনে করবেন না, সেনসাস কর্মীরা নিজে থেকে বাড়িতে গিয়ে তাঁদের তথ্য সংগ্রহ করবেন। তবে জনগণনায় ইচ্ছাকৃত ভুল তথ্য দেওয়া বা উত্তর না দেওয়া আইনত দণ্ডনীয় এবং এর জন্য জরিমানা হতে পারে।