এসএসসির পর পিএসসি: পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান প্রাক্তন IAS অনিল ভার্মা

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (SSC) পর এবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) শীর্ষেও বসানো হলো প্রশাসনিক অভিজ্ঞতাকে। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস (IAS) আধিকারিক অনিল ভার্মাকে নিয়োগ করেছে রাজ্য সরকার। সোমবার অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাত কুমার মিশ্রর স্বাক্ষরিত নির্দেশিকায় এই নিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তিনি দায়িত্ব গ্রহণ করার দিন থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে।

প্রশাসনিক মহলের মতে, এই নিয়োগের ফলে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অধীনে থাকা বিভিন্ন সরকারি নিয়োগ প্রক্রিয়াগুলোতে দ্রুততা আসবে। উল্লেখ্য, এর আগেই রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে অভিজ্ঞ সাবেক মুখ্য সচিব দুষ্মন্ত নারীওয়ালাকে দায়িত্ব দিয়েছিল।

কে এই অনিল ভার্মা? অনিল ভার্মা পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৮৯ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও তাঁর প্রশাসনিক জীবনের প্রায় পুরোটাই কেটেছে পশ্চিমবঙ্গে। ৩৭ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি রাজ্য প্রশাসনের ২৭টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন। অর্থনীতিতে স্নাতকোত্তর ও ফরাসি ভাষায় দক্ষ অনিল ভার্মা অবসরের আগে নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অধিকর্তা এবং পশ্চিমবঙ্গ মূল্যায়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

প্রসঙ্গত, চলতি বছর ফেব্রুয়ারিতে পিএসসির তৎকালীন চেয়ারম্যান হিসেবে দেবল রায় এবং আরও তিন জন সদস্যকে নিয়োগ করা হয়েছিল। এবার কমিশনের শীর্ষে দায়িত্ব নিলেন প্রবীণ প্রাক্তন প্রশাসনিক কর্তা অনিল ভার্মা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *