আইরিশের চাপ শেষ! এখন থেকে আঙুলের ছাপ দিয়েই মিলবে রেশন

রেশন তোলার ক্ষেত্রে বায়োমেট্রিকের মাধ্যমে চোখের মণি (আইরিশ) মেলানোর যে কড়াকড়ি ছিল, তা অবশেষে শিথিল করল রাজ্য খাদ্যদপ্তর। এখন থেকে সাধারণ গ্রাহকরা আধার কার্ডের সাধারণ নিয়ম মেনে অর্থাৎ শুধুমাত্র হাতের আঙুলের ছাপ দিয়েই রেশন তুলে নিতে পারবেন। খাদ্যদপ্তরের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি সাধারণ মানুষ।
উল্লেখ্য, দেশে সাধারণত আঙুলের ছাপ মিলিয়েই রেশন দেওয়া হয়। কিন্তু রাজ্যে চোখের মণি মেলানোর ওপর বাড়তি জোর দেওয়া হচ্ছে—এই অভিযোগ তুলে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন দীর্ঘদিন ধরে এর বিরোধিতা করে আসছিল। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু খাদ্যমন্ত্রকে চিঠি দিয়ে জানান যে, আধারে চোখের মণি, আঙুলের ছাপ বা মুখের ছবি যেকোনো একটি মিললেই কাজ হয়, তাই রেশনে শুধু চোখের মণির ওপর জোর দেওয়া অনুচিত। ডিলারদের সেই দাবি মেনেই অবশেষে খাদ্যদপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে, যা প্রশাসনিক কড়াকড়ি থেকে ডিলার ও গ্রাহক উভয়কেই বড় স্বস্তি দিল।