রক্ত ও প্লাজমা পাচারের মহা কেলেঙ্কারি! লাইসেন্স বাতিল কলকাতার নামী ব্লাড ব্যাঙ্কের

সরকারকে পুরোপুরি অন্ধকারে রেখে ভিনরাজ্যে কোটি কোটি টাকার রক্ত ও প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তীব্র শোরগোল তৈরি হয়েছে। স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল (SBTC)-এর সুপারিশে দক্ষিণ কলকাতার ভবানীপুরের জনপ্রিয় ‘হেলথ পয়েন্ট ব্লাড ব্যাঙ্ক’-এর লাইসেন্স সরাসরি বাতিল করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল।
অন্যদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসেই প্রায় ৩.৫ কোটি টাকার প্লাজমা বিক্রির চাঞ্চল্যকর অভিযোগে হাজরার ‘পিপলস ব্লাড ব্যাঙ্ক’-এর কর্তাদের তলব করেছে স্বাস্থ্যভবন। সোমবার স্বাস্থ্য দফতরের আধিকারিকরা আচমকা অভিযান চালিয়ে দেখতে পান, একটি ছোট ফ্রিজারে গাদাগাদি করে রাখা শত শত ইউনিট রক্ত ও প্লাজমা। এমনকি সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতার নামে ‘ফ্রি’ লেখা একাধিক রবার স্ট্যাম্পও বাজেয়াপ্ত করা হয়েছে।
তদন্তে জানা গেছে, হাজরার এই ব্লাড ব্যাঙ্কটি চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে নিয়ম ভেঙে সাধারণ চাহিদার তুলনায় প্রায় দশ গুণ বেশি (৪২,৮৪২ প্যাকেট) রক্ত সংগ্রহ করেছিল। উপহারের প্রলোভন দেখিয়ে রক্তদাতাদের থেকে ৩৫০ মিলিলিটারের জায়গায় ৫০০ মিলিলিটার পর্যন্ত রক্ত নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
স্বাস্থ্য দফতরের যৌথ অভিযানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য— চলতি বছরের প্রথম ছয় মাসেই প্রায় ৬ কোটি টাকার পিআরবিসি (PRBC) ও ফ্রেশ ফ্রোজেন প্লাজমা (FFP) বেআইনিভাবে ভিনরাজ্যে বিক্রি করা হয়েছে। এই জালিয়াতির জেরে কলকাতার একাধিক নামী কর্পোরেট হাসপাতাল সহ মোট ১১টি ব্লাড ব্যাঙ্কের ক্যাম্প করার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা চাপানো হয়েছে এবং মোট পাঁচটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।