সেপ্টেম্বরে দিল্লি সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, মোদির আমন্ত্রণে কূটনৈতিক জল্পনা তুঙ্গে

সেপ্টেম্বরে দিল্লি সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, মোদির আমন্ত্রণে কূটনৈতিক জল্পনা তুঙ্গে

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসতে চলেছে মর্যাদাপূর্ণ ‘ব্রিকস’ (BRICS) গোষ্ঠীর শীর্ষ সম্মেলন। ভারত এই মুহূর্তে ‘বিমস্টেক’ (BIMSTEC)-এর চেয়ার পদে থাকায় আয়োজিত এই মেগা সামিটের বিশেষ অধিবেশনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে নরেন্দ্র মোদি সরকার।

মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথম তারেক রহমানকে ভারতে আসার আমন্ত্রণ জানানো হলো। ব্রিকস গোষ্ঠীর আউটরিচ সেশনের প্রথা এবং আঞ্চলিক গোষ্ঠীগুলোর শীর্ষ নেতাদের অংশগ্রহণের ধারা মেনেই এই নিমন্ত্রণ। আন্তর্জাতিক এই মঞ্চে পশ্চিম এশিয়ার সংকট, বিশ্ব অর্থনীতির অস্থিরতা এবং নানাবিধ ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে হেভিওয়েট বিশ্বনেতাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ভারত ছাড়াও ব্রাজিল, চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ইরান, সৌদি আরব, ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলোর শীর্ষ নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। ফলে দিল্লির এই মঞ্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মতো রাষ্ট্রপ্রধানদের উপস্থিত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

তবে কূটনৈতিক মহলের নজর এখন অন্য জায়গায়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ভারতে আশ্রয় নেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এই সফরে মোদি-তারেক কোনো উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক হয় কি না, তা নিয়েই এখন আন্তর্জাতিক রাজনীতিতে জল্পনা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *