১০ বছর পর পর্দায় ‘চকলেট বয়’! নেটফ্লিক্সে ফিরছেন ইমরান খান

দীর্ঘ ১০ বছরের বিরতি কাটিয়ে অবশেষে রুপোলি পর্দায় ফিরছেন ‘জানে তু… ইয়া জানে না’ খ্যাত বলিউড অভিনেতা ইমরান খান। ২০১৫ সালে ‘কাট্টি বাট্টি’ ছবির পর তাঁকে আর পর্দায় দেখা যায়নি। এবার নেটফ্লিক্সের নতুন রোমান্টিক কমেডি ‘অধুরে হাম অধুরে তুম’-এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে কামব্যাক করছেন তিনি।
‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া সাক্ষাৎকারে ইমরান নিশ্চিত করেছেন যে ছবির শুটিং ইতিমধ্যেই শেষ এবং চলতি বছরের শেষের দিকেই এটি মুক্তি পাবে। ছবিটিকে একটি “পরিপক্ক রোমান্টিক কমেডি” হিসেবে উল্লেখ করে তিনি জানান, তাঁর বর্তমান বয়সের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে চিত্রনাট্যটি নিখুঁতভাবে মিলে গেছে।
ছবিটি পরিচালনা করছেন দানিশ আসলাম, যিনি ২০১০ সালে ইমরানের সঙ্গে জনপ্রিয় ছবি ‘ব্রেক কে বাদ’ তৈরি করেছিলেন। দীর্ঘ ১৫ বছর পর পুরনো পরিচালকের সঙ্গে কাজ করা নিয়ে ইমরান বলেন, “এই দেড় দশকে আমাদের দু’জনের জীবনেই অনেক পরিবর্তন এসেছে। তাই ১০ বছর পর কামব্যাকের জন্য এটাই আমার জন্য সঠিক ছবি ছিল।”
এই ছবিতে ইমরানের সাথে স্ক্রিন শেয়ার করবেন ভূমি পেডনেকর এবং গুরফতেহ পীরজাদা। ‘আই হেট লাভ স্টোরিজ’ কিংবা ‘দিল্লি বেলি’-র মতো হিট ছবি উপহার দেওয়া এই অভিনেতার ফিরতি যাত্রা অনুরাগীদের মাঝে যে নতুন করে নস্ট্যালজিয়া তৈরি করবে, তা বলাই বাহুল্য!