“নেতাজির বাপের শক্তি আছে…?” বিজেপি সাংসদ অনন্ত মহারাজের মন্তব্যে তোলপাড় রাজ্য

সম্প্রতি সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় কোচবিহারের রাজ পরিবারের ভূমিকা তুলে ধরতে গিয়ে রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ দাবি করেন, নেতাজি বা আজাদ হিন্দ ফৌজের কারণে নয়, বরং কোচবিহারের মহারাজার অসামান্য অবদানের জন্যই দেশ স্বাধীন হয়েছিল। তিনি বিতর্কিত মন্তব্য করে বলেন, নেতাজির বাপের শক্তি ছিল না আজাদ হিন্দ ফৌজ তৈরি করার; ব্রিটিশ ও জার্মান সৈন্যদের অপব্যবহার করা হয়েছিল মাত্র।
এই মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নেতাজিকে নিয়ে একাধিক বিকৃত ছবি ও অপমানজনক পোস্ট ছড়াতে শুরু করে। বিশেষ করে প্রকাশ রায় ও অমিত রাজবংশী নামে দুই ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে নেতাজিকে অবমাননা করার অভিযোগ উঠেছে।
ঘটনার প্রতিবাদে বাঁকুড়ার সমাজকর্মী মুনমুন চক্রবর্তী দাস কোচবিহারের পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে ইমেলের মাধ্যমে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ এবং ডিজিটাল প্রমাণ সংরক্ষণের দাবি জানানো হয়েছে।
আমজনতা ও নেটিজেনরা এই ইতিহাস বিকৃতি এবং জাতীয় নায়ককে অপমানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে রাজ্য বিজেপি নেতৃত্বের কাছ থেকে স্পষ্ট কোনো বিরোধিতা না এলেও দলের বিধায়ক মানব গুহ এর প্রতিবাদ জানিয়েছেন। বর্তমানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।