‘মিশন অযোধ্যা’: রাম জন্মভূমিতে বিজেপিকে দ্বিতীয় ধাক্কা দিতে অখিলেশের নতুন ‘ব্রাহ্মণ-দলিত’ ছক!

২০২৪-এর লোকসভা নির্বাচনে অযোধ্যায় ঐতিহাসিক হারের ক্ষত এখনও শুকোয়নি বিজেপির। আর সেই জয়কে পুঁজি করেই এবার ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অযোধ্যা কেন্দ্রটি সরাসরি দখল করতে ‘মিশন অযোধ্যা’ শুরু করলেন সমাজবাদী পার্টির (SP) প্রধান অখিলেশ যাদব।
সম্প্রতি লখনউয়ের এক ব্রাহ্মণ সম্মেলনে যোগ দিয়ে সপা সুপ্রিমো স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তাঁদের নির্বাচনী কৌশলের। অযোধ্যার প্রাক্তন বিধায়ক তেজ নারায়ণ ওরফে পবন পান্ডের নাম উল্লেখ করে অখিলেশ জানান, আগামী বিধানসভা নির্বাচনে অযোধ্যা থেকেই লড়বেন এবং জয়ী হবেন পবন পান্ডে। ২০১২ সালে এই পবন পান্ডেই ছিলেন একমাত্র অ-বিজেপি প্রার্থী যিনি এই আসনে পদ্ম শিবিরকে হারিয়েছিলেন।
রাম মন্দির ও ‘অনুদান বিতর্ক’ নিয়ে তোপ: একসময় রাম মন্দির বা অযোধ্যা নিয়ে নীরব থাকলেও, এবার এই ইস্যুকেই বিজেপির বিরুদ্ধে প্রধান রাজনৈতিক হাতিয়ার করেছে সপা। সম্প্রতি রাম মন্দিরের অর্ঘ্য ও অনুদান চুরির যে অভিযোগ উঠেছে, তা সোশ্যাল মিডিয়ায় প্রথম সামনে আনেন অখিলেশ নিজেই। সংসদের ভেতর ও বাইরে এখন সপার মূল স্লোগান—“অনুদান চোরেরা, সিংহাসন ছাড়ো”।
যে কৌশলে এগোচ্ছে সমাজবাদী পার্টি:
- উচ্ছেদ ও ক্ষতিপূরণ বিতর্ক: অযোধ্যার উন্নয়নের নামে বহু স্থানীয় বাসিন্দাকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। বিজেপি সমর্থক হিসেবে পরিচিত এই সব উচ্ছেদ হওয়া পরিবার উপযুক্ত ক্ষতিপূরণ না পাওয়ায় প্রবল ক্ষুব্ধ।
- ভোট ব্যাংক ও জাতিগত সমীকরণ: অযোধ্যা বিধানসভায় প্রায় ৭০ হাজারের বেশি ব্রাহ্মণ, ৫০ হাজার দলিত এবং ৪০ হাজার যাদব ভোটার রয়েছেন। ব্রাহ্মণ ও দলিত ভোটের এই জটিল সমীকরণকে বিজেপির হাত থেকে নিজের দিকে টানাই এখন অখিলেশের মূল লক্ষ্য।
২০২৪-এর লোকসভায় অবধেশ প্রসাদ অযোধ্যায় বিজেপি প্রার্থীকে ৫৪ হাজারেরও বেশি ভোটে হারিয়ে চমক দিয়েছিলেন। এবার ২০২৭-এর বিধানসভা ভোটেও কি লোকসভার সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে পারবে সপা? রাজনৈতিক মহল এখন সেদিকেই চোখ রাখছে।