অকালেই নিভল ‘ময়না ছলাৎ ছলাৎ’-এর সুর, মাত্র ৫৪ বছর বয়সে সুরলোকে শিল্পী স্বাগত দে

কলকাতা: বাংলা সঙ্গীত জগতে ফের স্বজনহারার বেদনা। প্রখ্যাত লোকসঙ্গীতশিল্পী স্বাগত দে আর নেই। বুধবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। রেখে গেলেন স্ত্রী ও দুই সন্তানকে।
পরিবার সূত্রে খবর, গত ২ অগাস্ট হঠাৎই মারাত্মক হৃদরোগে (cardiac arrest) আক্রান্ত হন স্বাগত দে। প্রথমে তাঁকে বারাসাত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল, কিন্তু শেষরক্ষা হয়নি।
‘ময়না ছলাৎ ছলাৎ’ কিংবা ‘সোনা বন্ধু রে’-র মতো জনপ্রিয় সব গান দিয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন তিনি। কেবল লোকসঙ্গীত বা পল্লীগীতিতেই নয়, আধুনিক বাংলা গানেও ছিল তাঁর অনায়াস যাতায়াত। বিভিন্ন মঞ্চ ও ডিজিটাল মাধ্যমে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় এক মুখ।
তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলা সঙ্গীত জগতে। সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন সহশিল্পীরা। সঙ্গীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায় লেখেন, “বিদায় স্বাগত। অসাধারণ এক শিল্পীকে অকালে হারালাম।” জোজো মুখোপাধ্যায় লেখেন, “তারাদের দেশে ভালো থেকো…”।
তাঁর এই আসাময়ে চলে যাওয়াকে বাংলা সংস্কৃতি জগতের এক অপূরণীয় ক্ষতি হিসেবেই দেখছেন সঙ্গীতপ্রেমীরা।