চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড: এক বছর ধরে খুনের ছক, CBI-এর চার্জশিটে BJP-র দুই কর্মীসহ ১১ জন!

কলকাতা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক (PA) চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় অবশেষে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই (CBI)। মোট ১১ জন অভিযুক্তের নাম রয়েছে এই চার্জশিটে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, হুট করে নয়, বরং ২০২৫ সালের ডিসেম্বর থেকেই চন্দ্রনাথকে হত্যা করার সুপরিকল্পিত ছক কষা হচ্ছিল।
তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, ২০২০ সালে বিজেপিতে যোগ দেওয়া দুই কর্মী—সাগর সোনকর এবং সাহেন সোনকর—এই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ডদের অন্যতম। তাঁরাই উত্তরপ্রদেশ ও বিহারের পেশাদার শার্প শুটারদের চন্দ্রনাথকে হত্যার জন্য সুপারি দিয়েছিলেন এবং মোটা টাকার লেনদেনও করেছিলেন।
একাধিকবার বদলায় তারিখ, লক্ষ্য ছিল মে মাস
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের শেষদিক থেকেই হত্যার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। অবশেষে গত ৪ মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের ঠিক দু’দিন পর, ৬ মে মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে গুলি চালিয়ে খুন করা হয়।
গ্রেপ্তার কিলার ও মিডলম্যান
হত্যাকাণ্ডে ব্যবহৃত বিহার ও পূর্বাঞ্চলের গ্যাংস্টার নেটওয়ার্কের ৬ জন শার্প শুটার—মনু সিং, রাজ সিং, গোলু সিং, মায়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং নবীন কুমার সিংকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। পাশাপাশি খুনের বরাত নেওয়া ৩ জন মিডলম্যান বিনয় রায়, সঞ্জয় রায় এবং বিকাশ মিশ্রও বর্তমানে হাজতে। এই মামলায় আরও এক অভিযুক্ত এখনও পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।
তবে এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে আসল উদ্দেশ্য কী ছিল বা অন্য কোনো প্রভাবশালী রাজনৈতিক দলের হাত রয়েছে কি না, সে বিষয়ে সিবিআই এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে।