হাতে অস্ত্রোপচার সফল, কেমন আছেন মিঠুন? হাসপাতালে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

হাতে অস্ত্রোপচার সফল, কেমন আছেন মিঠুন? হাসপাতালে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: ফের হাসপাতালে ভর্তি অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার রাতে শহরের ইএম বাইপাসের সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার ডান হাতে একটি সফল অস্ত্রোপচার হয়েছে।

শুক্রবার সকালে প্রবীণ এই অভিনেতাকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানান, মহাগুরু এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। শুক্রবার বিকেলেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে এবং তিনি নিউটাউনের বাসভবনে ফিরে যাবেন।

জানা গিয়েছে, প্রায় দু’বছর আগে ডান হাতে চোট পাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করে প্লেট বসাতে হয়েছিল তাঁর। সেই প্লেটটি বের করার জন্যই গত বৃহস্পতিবার ফের অস্ত্রোপচার করা হয়।

হাসপাতালে মহাগুরুকে দেখে আসার পর তাঁর সঙ্গে সাক্ষাতের একাধিক ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “অভিনেতা তথা বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ তাঁকে দেখতে গিয়েছিলাম, ওঁর শারীরিক পরিস্থিতির খোঁজ নিলাম। ঈশ্বরের কাছে ওঁর দ্রুত সুস্থতা কামনা করি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *