মোদী দরবারে ৩ ‘বেসুরো’ সাংসদ! প্রাতরাশের টেবিলে কী টিপস দিলেন প্রধানমন্ত্রী?

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭, লোককল্যাণ মার্গের বাসভবনে প্রাতরাশ সারলেন NCPI-এর সাংসদেরা। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের পাশাপাশি এই বৈঠকে বিশেষ নজর কেড়েছেন তিন ‘বেসুরো’ সাংসদ—আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পঠান।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই এই তিন সাংসদ বিজেপি বা এনডিএ-তে যোগ দিতে অস্বীকৃতি জানাচ্ছিলেন। এমনকি কালীঘাট তৃণমূলে তাঁদের ফেরার জল্পনাও শুরু হয়েছিল। তবে বৃহস্পতিবার অমিত শাহের সাথে বৈঠকের পর শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবনেও তাঁদের উপস্থিত থাকতে দেখা যায়। বৈঠক শেষে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের জানান, তাঁরা রাজ্যের সংখ্যালঘুদের বঞ্চনা ও সমস্যার কথা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্টভাবে জানিয়েছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংসদদের যা পরামর্শ দিলেন:
- উন্নয়নমূলক কাজ: উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের সামগ্রিক উন্নয়নে জোর দেওয়ার নির্দেশ দেন। সব সাংসদকে নিজ নিজ এলাকায় মন দিয়ে কাজ করার কথা বলেন।
- স্বাস্থ্য সচেতনতা: ৪০ বছরের বেশি বয়সের সাংসদদের নিয়মিত যোগাসন করা এবং বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা (Health Check-up) করানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
সাংসদ শতাব্দী রায় এবং রচনা বন্দ্যোপাধ্যায় জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত খোলামেলা পরিবেশে চা খেতে খেতে সকলের সাথে কথা বলেছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
এর আগে সকালে এনসিপিআই সাংসদেরা বিজেপি নেতা বিনোদ তাওড়ের বাসভবনে একত্রিত হন এবং সেখান থেকে বাসে চেপে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছান। অন্যদিকে, দলত্যাগ বিরোধী আইন এবং দলীয় স্বীকৃতি নিয়ে এখনও লোকসভার স্পিকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে NCPI শিবির।