সীমান্তে ভারত-বাংলাদেশ পাচারচক্রের পর্দাফাঁস: ১০ ঘণ্টার অভিযানে সিল নামী ফার্মেসি, পলাতক বাবা-ছেলে!

ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বিথারী এলাকায় বেআইনি ওষুধ পাচারচক্রের বিরুদ্ধে এক বিরাট সাফল্য পেল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB), রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ এবং স্থানীয় পুলিশ। যৌথ পরিচালিত প্রায় ১০ ঘণ্টার এক ম্যারাথন অভিযানে ‘লয়েড মেডিকেল’ নামের একটি নামী ওষুধের দোকান ও তার দুটি গোডাউন থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় দোকান ও গোডাউনগুলি সিল করে দিয়েছে প্রশাসন। ঘটনার পর থেকেই পলাতক মূল অভিযুক্ত শহিদুল মণ্ডল ওরফে ‘শহিদুল ডাক্তার’ এবং তাঁর ছেলে লয়েড মণ্ডল।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার আচমকাই ওই প্রতিষ্ঠানে হানা দেয় তদন্তকারী দল। উদ্ধার হওয়া পেটি পেটি ওষুধের কোনো ক্রয়-বিক্রয়ের চালান দেখাতে পারেনি মালিকপক্ষ। গোয়েন্দাদের প্রাথমিক ধারণা, ভারতে মজুত করা এই ওষুধগুলি বেআইনি উপায়ে বাংলাদেশে পাচারের ছক কষা হয়েছিল।
এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিজেপি নেতা বৃন্দাবন সরকার দাবি করেন, “তৃণমূলের আমলে যেসব বেআইনি কারবার চলছিল, তা আর বরদাস্ত করা হবে না। এরা জাল ওষুধ বাংলাদেশে পাচার করে কোটি কোটি টাকা বানিয়েছে।” বর্তমানে পলাতক বাবা-ছেলের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই আন্তর্জাতিক চক্রের পেছনে আরও বড় কোনো ‘রাঘববোয়াল’ জড়িয়ে রয়েছে কি না, তা জানতে বিস্তৃত তদন্ত শুরু হয়েছে।