নিয়োগ দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, ২০২৫-এর নতুন নিয়মেই মিলবে চাকরি: হাইকোর্টে সাফ বার্তা SSC-র

কলকাতা: শিক্ষক নিয়োগে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না—আদালতে ফের একবার নিজেদের ‘জিরো টলারেন্স’ নীতি স্পষ্ট করল রাজ্য সরকার। একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশন (SSC) জানিয়ে দিয়েছে, আগামী দিনে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ২০২৫ সালের নতুন নিয়ম মেনেই।
শুক্রবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে দ্বিতীয় এসএলএসটি (SLST) নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানিতে রাজ্যের তরফে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল নীলাঞ্জন ভট্টাচার্য জানান, রাজ্য সরকার দুর্নীতিমুক্ত নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ। তাই অতীতের কোনো অনিয়মের ছায়া এই নতুন প্রক্রিয়ায় থাকবে না।
ঘটনার নেপথ্যে: ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হওয়ার পর মামলাকারীদের দাবি ছিল, ওই বছরের নিয়োগ প্রক্রিয়া সেকালের নিয়ম অনুযায়ীই করা উচিত। কিন্তু রাজ্যের অবস্থান এবং পরবর্তী পরিস্থিতির কথা মাথায় রেখে আদালত SSC-র মতামত জানতে চেয়েছিল। শুক্রবার কমিশন আদালতের কাছে স্পষ্ট জানিয়ে দেয়, আগামী সমস্ত নিয়োগ ২০২৫-এর নতুন গাইডলাইন মেরেই হবে।
ওবিসি (OBC) সংরক্ষণ ও আদালতের পর্যবেক্ষণ
এদিনের শুনানিতে অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি (OBC) সংরক্ষণের বিষয়টিও গুরুত্ব পায়। উল্লেখ্য, পূর্বে ওবিসি সংরক্ষণের পরিমাণ ১৭ শতাংশ থাকলেও, নতুন নিয়ম অনুযায়ী তা কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে।
বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন যে, নতুন নিয়ম এবং ওবিসি সংরক্ষণের এই নতুন অনুপাত—সবটা মাথায় রেখেই রাজ্য সরকার ও এসএসসি-কে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে।
মামলাটির পরবর্তী শুনানি আগামী ২১ আগস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।