নেশামুক্তি কেন্দ্রে রক্ত ‘চুরি’! বাড়ি ফিরতেই যুবকের রহস্যমৃত্যু

নেশামুক্তি কেন্দ্রে রক্ত ‘চুরি’! বাড়ি ফিরতেই যুবকের রহস্যমৃত্যু

রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা সঞ্জীব কর্মকারের (৩৯) অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অতিরিক্ত নেশা ও স্নায়বিক সমস্যার কারণে মাসদুয়েক আগে ইটাহারের একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে তাঁকে ভর্তি করে পরিবার। অভিযোগ, সেখানে তাঁর শারীরিক উন্নতির বদলে চরম অবনতি হতে শুরু করে। পরিবারের দাবি, ওই কেন্দ্রে সঞ্জীবের শরীর থেকে বিনা অনুমতিতে পরপর দু’বোতল রক্ত বের করে নেওয়া হয়েছিল। অত্যন্ত অসুস্থ অবস্থায় তাঁকে গত সপ্তাহে বাড়িতে ফিরিয়ে আনা হলে তিনি জন্ডিসে আক্রান্ত হন। বুধবার সন্ধ্যায় নিজের ঘরেই অচৈতন্য অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই রহস্যজনক ঘটনার পর শুক্রবার ইটাহার থানায় নেশামুক্তি কেন্দ্রটির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার। তাঁদের দৃঢ় সন্দেহ, বিনা অনুমতিতে রক্ত নেওয়ার কারণেই সঞ্জীবের স্বাস্থ্যের এমন আকস্মিক পতন ও মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার রায়গঞ্জ মেডিক্যালের পুলিশ মর্গে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গোটা বিষয়টি নিয়ে রায়গঞ্জের পুলিশ সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানিয়েছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *