নিলাম বাতিল করতে বাধ্য হয়েছিল ইংরেজরা, পঞ্চকোট রাজবংশের সেই ইতিহাস এবার ব্রিটিশ লাইব্রেরিতে!

১৭৯৮ সাল। প্রজাদের প্রবল বিদ্রোহে ইস্ট ইন্ডিয়া কো ম্পা নি পুরুলিয়ার পঞ্চকোট সাম্রাজ্যের ৮৬টি মৌজার নিলাম বাতিল করে রাজার হাতেই তা ফিরিয়ে দিতে বাধ্য হয়। ব্রিটিশ ভারতের ইতিহাসে এটি ছিল এক বিরল ঘটনা। রাজপরিবারের ষড়যন্ত্র, বালক রাজা নীলমণির প্রাণরক্ষায় রানির গোপনে কাশীপুরে প্রাসাদ নির্মাণ কিংবা ‘জ্যোতি বিলাস’-এর অমূল্য রত্নভাণ্ডার ও শিকারের স্মৃতি—এমনই সব রোমাঞ্চকর অজানা ইতিহাস এবার দুই মলাটে বন্দি হলো। এই রাজবংশের ১৮৯২ বছরের বর্ণময় কাহিনি নিয়ে ১৩টি অধ্যায়ে রচিত হয়েছে ‘ফুটপ্রিন্টস অফ পঞ্চকোট পার্মার ডাইনেস্টি অফ বেঙ্গল’।
দীর্ঘ ২০ বছরের তথ্য সংগ্রহ এবং ৬ বছরের পরিশ্রমে বইটি রচনা করেছেন রাজপরিবারের সদস্য তথা অবসরপ্রাপ্ত বিজ্ঞানী সূর্য নারায়ণ সিং দেও। তিনি জানান, পঞ্চকোট সাম্রাজ্য নিয়ে প্রচলিত নরবলির মতো ভ্রান্ত ধারণা দূর করে সঠিক ইতিহাস তুলে ধরাই ছিল তাঁর প্রধান লক্ষ্য। আশ্চর্যের বিষয় হলো, যে রাজপরিবার বরাবর কট্টর ব্রিটিশ বিরোধী ছিল, তাদেরই সংগ্রামের জীবন্ত দলিল এবার ঠাঁই পেয়েছে খোদ লন্ডনের ব্রিটিশ লাইব্রেরিতে। দীর্ঘ দেড় মাসের যাচাই প্রক্রিয়ার পর বিশ্বের অন্যতম বৃহত্তম এই গ্রন্থাগার বইটিকে স্বীকৃতি দিয়েছে, যা এক অনন্য ঐতিহাসিক মুহূর্ত।