উৎসবের মরশুমে বন্ধ হচ্ছে বাজি? চূড়ান্ত সিদ্ধান্ত দিল সুপ্রিম কোর্ট

উৎসবের মরশুমে বন্ধ হচ্ছে বাজি? চূড়ান্ত সিদ্ধান্ত দিল সুপ্রিম কোর্ট

উৎসবের মরশুমে বাজি পোড়ানোয় পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা জারি করতে রাজি নয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, পরিবেশ যেমন গুরুত্বপূর্ণ, তেমনই সমানভাবে গুরুত্বপূর্ণ মানুষের ধর্মীয় ভাবাবেগ। বাজির ক্ষতিকারক প্রভাব থেকে পরিবেশ রক্ষা করার পাশাপাশি উৎসবের ঐতিহ্য ও আনন্দ বজায় রাখার কথাও মাথায় রাখতে হবে। এই ভারসাম্য বজায় রাখতে একটি মধ্যপন্থার কথা ভাবছে আদালত। বুধবার বাজি সংক্রান্ত এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, দুর্গাপুজো বা দিওয়ালির মতো উৎসবে বাজি পোড়ানো পুরোপুরি বন্ধ করা হবে না। তবে সারাদিন ধরে বাজি পোড়ানোর প্রবণতাও বরদাস্ত করা হবে না। পরিবেশ দূষণ রোধ করতে এবং প্রবীণ নাগরিক ও শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বাজি ফাটানোর একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে।

বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি পি বি ভারালের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সার্বিক নিষেধাজ্ঞা সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত হানতে পারে। অন্যদিকে, মামলায় কেন্দ্র সুপ্রিম কোর্টকে নির্দিষ্ট নিয়ম মেনে ‘নেক্সট-জেনারেশন জয়েন্ট গ্রিন ক্র্যাকার্স’ ব্যবহারের প্রস্তাব দিয়েছে। নির্দিষ্ট শব্দসীমা ও গ্যাস নির্গমনের মানদণ্ড মেনেই এগুলি তৈরি হবে। আগামী ১৫ অক্টোবর মামলার পরবর্তী শুনানিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *