‘পারফেক্ট’ পার্টনার আর নয়! নিখুঁত সম্পর্কের আসল চাবিকাঠি দিলেন সদগুরু

বর্তমান যুগে ‘সিচুয়েশনশিপ’, ‘হুকিং’ কিংবা ‘লিভ-ইন’-এর ভিড়ে অনেকেই সামাজিক বা আইনি সম্পর্কের বাঁধনে জড়াতে ভয় পান। স্বাধীনতা হারানোর আশঙ্কা কিংবা মন ভাঙার ভয়—কারণ একাধিক। আবার পাত্র-পাত্রী দেখে বিচার-বিবেচনা করে বিয়ে করেও ঠকেছেন, এমন উদাহরণও কম নেই। তবে জীবনসঙ্গী নির্বাচনের সহজ ও সঠিক উপায় ঠিক কী? এই বিষয়ে পথ দেখিয়েছেন বিশিষ্ট আধ্যাত্মিক গুরু সদগুরু।
সদগুরুর মতে, সঙ্গী নির্বাচনের সময় বেশিরভাগ মানুষই বাহ্যিক রূপ, সামাজিক প্রতিষ্ঠা বা আর্থিক নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেন। এগুলো একদম উড়িয়ে দেওয়ার মতো নয়, তবে কেবল এগুলির ওপর ভরসা করে সুখী দাম্পত্য গড়ে তোলা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, দায়িত্ববোধ এবং মানসিক পরিপক্বতা। তাঁর মতে, “নিখুঁত বা পারফেক্ট মানুষ খোঁজার চেয়ে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পর্ক শুরু করাটা বেশি জরুরি।”
জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলি মাথায় রাখবেন:
- প্রয়োজনের খাতিরে নয়, সঙ্গী হিসেবে বাছুন: একাকিত্ব বা নিরাপত্তাহীনতা কাটাতে সম্পর্ক তৈরি করলে সেখানে প্রত্যাশার চাপ বাড়ে এবং তা হতাশার কারণ হয়। তাই নিজের অভাব পূরণের জন্য নয়, বরং জীবনের দীর্ঘ পথে একজন ভালো বন্ধু হিসেবে যে পাশে থাকবে—তাকেই বেছে নিন।
- ‘পারফেক্ট’ সঙ্গীর আশা ছাড়ুন: এই পৃথিবীতে কেউই নিখুঁত বা ‘পারফেক্ট’ নন। অহেতুক আদর্শ সঙ্গীর খোঁজ করতে গিয়ে অনেকেই হাতছাড়া করেন ভালো সম্পর্কের সুযোগ। সদগুরুর পরামর্শ, এমন মানুষকে বাছুন যাঁর মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি ও আপনার প্রতি সম্মান রয়েছে। সম্পর্কের স্থায়িত্ব নিখুঁত হওয়ায় নয়, বরং একসঙ্গে এগিয়ে যাওয়ার মানসিকতায় তৈরি হয়।
- নিজেকে বদলানোর মানসিকতা রাখুন: শুধু সঙ্গীর কাছ থেকে আশা করলেই চলবে না, নিজেকেও পরিণত ও দায়িত্বশীল করতে হবে। দু’জনেই যদি সচেতনভাবে সম্পর্কে সময়, সম্মান ও যত্ন দিতে রাজি থাকেন, তবেই সেই বন্ধন দীর্ঘস্থায়ী হয়।