লুকোচুরি শেষ! সিআইডির সমন মেনে ঠিক সময়েই ভবানী ভবনে হাজির সুমিত রায়

কলকাতা: সব জল্পনা ও আইনি টানাপোড়েনের অবসান ঘটিয়ে সিআইডি সদর দফতর ভবানী ভবনে হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। শনিবার সকাল ১০টা থেকে সন্ধে ৬টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হলেও, নির্ধারিত সময়ের ৬ মিনিট আগেই (সকাল ৯টা ৫৪ মিনিটে) কালো গাড়িতে চেপে তিনি ভবানী ভবনে পৌঁছান। সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি।
ঘটনার সূত্রপাত শালবনি থানার একটি বহুল চর্চিত জমি দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। সেখানে সুমিত রায়ের নাম জড়াতেই তৎপরতা বাড়ে পুলিশের। সুমিতের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে তল্লাশি চালানো থেকে শুরু করে একের পর এক মামলা রুজু করা হয়। তবে দীর্ঘদিন তিনি আড়ালেই ছিলেন।
আইনি লড়াই ও সুপ্রিম স্বস্তি
কলকাতা হাইকোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হলে সুমিত রায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালত তাঁকে নির্দেশ দেয়— তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে, তবে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাঁকে গ্রেফতার বা তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া যাবে না।
সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই শুক্রবার রাতে সুমিত রায়ের ক্যানাল রোডের বাড়িতে শনিবার সকালে হাজিরার নোটিস পাঠায় সিআইডি। সেই নোটিস মেনেই এদিন নির্ধারিত সময়ে হাজিরা দেন তিনি।