রাম মন্দিরের অনুদান চুরি নিয়েই আন্দোলন চালিয়ে যাক বিরোধীরা, নেপথ্যে বিজেপির কোন মাস্টারপ্ল্যান?

বিহারের রাজনৈতিক সাফল্যের পর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে নয়া রণকৌশল তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি। গেরুয়া শিবিরের অন্দরের খবর, রাম মন্দিরের অনুদান তছরুপের মতো বিষয়টিকে সামনে রেখে বিরোধীরা যে আন্দোলন চালাচ্ছে, তা নিয়ে শাসক দলের কোনো অস্বস্তি নেই। বরং বিরোধীরা এই ইস্যুতেই আটকে থাকুক, এমনটাই চাইছে বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এর ফলে বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও প্রশ্নফাঁসের মতো জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলো আলোচনার আড়ালে চলে যাবে, যা আদতে শাসক শিবিরকে বাড়তি সুবিধা পাইয়ে দেবে।
রাম মন্দিরের দানের টাকা তছরুপের অভিযোগে ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া জারি রেখেছে যোগী সরকার। বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে সরকারকে নিশানা করলেও, একে শুধু ধর্মীয় আবেগের লড়াইয়ে পরিণত করলে লাভবান হবে বিজেপিই। কারণ, হিন্দুত্ব ও জাতীয়তাবাদ সবসময়ই বিজেপির সবচেয়ে শক্তিশালী ও পরীক্ষিত রাজনৈতিক পিচ। ফলে বিরোধীরা এই বৃত্তের মধ্যে যত বেশি সময় ব্যয় করবে, ততই তাদের নিজস্ব রাজনৈতিক লক্ষ্য অর্জন সহজ হবে বলে মনে করছেন রাজনৈতিক কারবারিরা।