সোশ্যাল মিডিয়া ছেড়ে সোজা মাঠে! আসামে বন্যাদুর্গতদের হাতে ত্রাণ তুলে দিলেন ভূমি পেডনেকর
শিবসাগর: কেবল সোশ্যাল মিডিয়ায় পোস্ট বা বার্তা দেওয়ার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখলেন না বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। ভয়াবহ বন্যায় বিধ্বস্ত আসামের মানুষের পাশে দাঁড়াতে এবার সশরীরে ময়দানে নামলেন ‘ভক্ষক’ খ্যাত এই তারকা। সম্প্রতি আসামের আপার আসামের শিবসাগর (Sivasagar) জেলায় পৌঁছে বন্যাকবলিত পরিবারের সঙ্গে সরাসরি কথা বলেন এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।
গত মাস থেকেই আসামের সংকটজনক বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন ভূমি। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তা দিয়ে তিনি জানিয়েছিলেন, প্রায় ৭.৫ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং ৪০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। খাবার, তোশক, স্যানিটেশন সামগ্রী ও আর্থিক অনুদান দিয়ে সবাইকে আসামের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।
“ছবিগুলো দেখলে যে কারও হৃদয় ভেঙে যাবে। এখন আমাদের আসামের পাশে দাঁড়াতে হবে— খাবার, স্যানিটেশন থেকে শুরু করে অনুদান, যে যেভাবে পারেন সাহায্য করুন।” — ভূমি পেডনেকর
তবে শুধু দূর থেকে আবেদন জানিয়েই ক্ষান্ত হননি ভূমি। মানবিক সংস্থা ‘ভারত ডিসাস্টার রিলিফ ফাউন্ডেশন’ (BDRF)-এর স্বেচ্ছাসেবীদের সঙ্গে হাত মিলিয়ে তিনি নিজেই পৌঁছে যান শিবসাগরের বানভাসি এলাকায়। সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্যদ্রব্য ও স্যানিটেশন সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের সাথে বেশ কিছুক্ষণ সময়ও কাটান। ভূমির এই নিঃস্বার্থ উদ্যোগের জন্য BDRF-এর অফিশিয়াল পেজ থেকে তাঁকে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে।
উল্লেখ্য, ভূমির পাশাপাশি সম্প্রতি অভিনেতা রণদীপ হুডাও ‘গ্লোবাল শিখ’ (Global Sikh) সংস্থার হয়ে আসামে ত্রাণকার্য চালিয়েছেন।