বেহালায় ফের মর্মান্তিক দুর্ঘটনা! বাস থামল না, চাকায় পিষে দিল মহিলাকে!

শনিবার সকালে কলকাতার বেহালা শিলপাড়ায় ডায়মন্ড হারবার রোডে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাসের ধাক্কায় প্রাণ হারালেন এক অজ্ঞাতপরিচয় মহিলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা যখন রাস্তা পার হচ্ছিলেন সেই সময় সিগন্যাল বন্ধ ছিল। কিন্তু তিনি রাস্তার মাঝামঝি পৌঁছতেই সিগন্যাল গ্রিন হয়ে যায়। সেই মুহূর্তেই ঠাকুরপুকুরের দিক থেকে আসা ১২সি রুটের একটি বাস প্রচণ্ড গতিতে এসে তাঁকে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের গতি বেশি থাকায় চালক তা নিয়ন্ত্রণ করতে পারেননি এবং ধাক্কা মারার পরেও বাসটি না থামিয়ে ওই মহিলার ওপর দিয়েই চলে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিশ। রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে এবং মৃত মহিলার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। উল্লেখ্য, এর কিছুদিন আগেই বেহালা-চৌরাস্তার মাঝে শিমুলতলায় দুটি বাসের রেষারেষিতে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছিল। এছাড়া অতীতে চৌরাস্তায় লরির চাকায় স্কুলছাত্রের মৃত্যুর ঘটনাও ঘটেছিল, যা এই অঞ্চলের ট্রাফিক ব্যবস্থা ও বেপরোয়া গাড়ি চলাচল নিয়ে বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।