স্যালাইনের নলে রক্ত উল্টো পথে! উত্তরপাড়া হাসপাতালে রোগীর সঙ্গে এ কী হল?

উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে ফের এক ভয়াবহ গাফিলতির চিত্র সামনে এল। গত ২৯ সেপ্টেম্বর রাতে জ্বর ও সর্দি-কাশি নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন বাসুদেব আদক নামের এক ব্যক্তি। অভিযোগ উঠেছে, তাঁর শরীরে চলা স্যালাইন শেষ হওয়ার আগেই ড্রিপের পাইপ দিয়ে হুড়মুড় করে রক্ত উল্টো দিকে উঠতে শুরু করে। কিন্তু এই চরম সংকটজনক পরিস্থিতিতেও হাসপাতালের ওয়ার্ডে কোনো চিকিৎসক বা নার্সকে দেখতে পাননি তিনি। বাধ্য হয়ে মুমূর্ষু অবস্থাতেই নিজের হাতে স্যালাইনের বোতল ঝুলিয়ে নার্সদের রুমে পৌঁছান ওই রোগী।
সেখানে পৌঁছানোর পরেও তাৎক্ষণিক কোনো সুরাহা মেলেনি। উল্টে দায়িত্বে থাকা কর্মীরা তাঁকে বিরক্ত না করে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ার নির্দেশ দেন এবং প্রতিবাদ করলে হাসপাতাল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, রোগীর পরিবারের সঙ্গেও মাঝেমধ্যেই চরম দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে। বর্তমানে এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে, যা রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।