রেললাইনে প্রাণ বাঁচল ২৫৫ হাতির, প্রযুক্তির দারুণ চমকে কীভাবে অলৌকিক ঘটাল উত্তর-পূর্ব সীমান্ত রেল

ট্রেনের ধাক্কায় প্রাণহানি রুখতে অভূতপূর্ব সাফল্য পেল উত্তর-পূর্ব সীমান্ত রেল। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রেলের সময়োপযোগী পদক্ষেপের ফলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে ২৫৫টি হাতি। আলিপুরদুয়ার, রঙ্গিয়া, লামডিং এবং তিনসুকিয়া ডিভিশনে এআই-ভিত্তিক ‘ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম’ এবং ‘ডিস্ট্রিবিউটেড অ্যাকুসটিক সিস্টেম’ ব্যবহার করে রেললাইনের কাছে হাতির উপস্থিতি শনাক্ত করার সঙ্গে সঙ্গেই সতর্কবার্তা পৌঁছে যাচ্ছে কর্মীদের কাছে। এর পাশাপাশি ‘প্ল্যান বি’ প্রযুক্তির মাধ্যমে মৌমাছির গুঞ্জনের শব্দ তৈরি করে হাতিদের লাইন থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে।
হাতিদের নিরাপদ পারাপারের জন্য তৈরি করা হয়েছে বিশেষ আন্ডারপাস এবং সংবেদনশীল এলাকায় ট্রেনের গতি সাময়িকভাবে কমানো হচ্ছে। লাইন সংলগ্ন বাড়তি গাছপালা পরিষ্কারের পাশাপাশি বন দফতরের সঙ্গে রাখা হচ্ছে রিয়েল-টাইম যোগাযোগ। ট্রেনের চালক ও যাত্রীদের রেললাইনের পাশে খাবারের বর্জ্য ফেলতে নিষেধ করা হয়েছে, যাতে খাবারের লোভে বন্যপ্রাণীরা ট্রেনের কাছে না চলে আসে। প্রযুক্তিনির্ভর নজরদারি, কার্যকর সতর্কতা এবং সমন্বিত তৎপরতার মাধ্যমে দুর্ঘটনা পুরোপুরি শূন্যে নামিয়ে এনে হাতি রক্ষা ও নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করাই রেল কর্তৃপক্ষের মূল লক্ষ্য।