জমির নীতিতে বড়সড় চমক! শিল্পে গতি আনতে নবান্নে জরুরি তলব শিল্পমন্ত্রীর!

রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানের জোয়ার আনতে এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে জমিনীতিতে আমূল পরিবর্তনের পথে হাঁটল রাজ্য সরকার। শিল্পের জন্য জমি বরাদ্দ সংক্রান্ত চূড়ান্ত নীতি চূড়ান্ত করার আগে সমস্ত অংশীদারদের মতামত নিতে আগামী মঙ্গলবার, ১১ আগস্ট নবান্নে এক জরুরি বৈঠকের ডাক দিয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়। শনিবার কলকাতার একটি অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করে তিনি জানান, বিনিয়োগকারীদের পথ মসৃণ করতে এবং রাজ্যে শিল্প সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার কলকাতার এক প্রেক্ষাগৃহে আয়োজিত শিল্প সংক্রান্ত আলোচনাসভায় উপস্থিত ছিলেন শিল্পপতি রাজীব সিং, কুলভূষণ আগরওয়াল, পার্থিব নেওটিয়ারা। বিগত সরকারের আমলের ব্যর্থতা ও শিল্পের অবক্ষয়ের কথা তুলে ধরে শিল্পমন্ত্রী জানান, অতীতে সঠিক নীতি ও পরিকাঠামোর অভাবে হাজার হাজার কো ম্পা নি বাংলা ছেড়ে চলে গিয়েছিল। তবে বর্তমান সরকার সেই পরিস্থিতি বদলাতে বদ্ধপরিকর। সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু করা সহ পরিকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগকারীদের সবরকম সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি শিল্পপতিদের বাংলায় বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।