রাজ্যের নাম বদল নয়! বিধানসভার আগামী অধিবেশনেই বড় পদক্ষেপের ঘোষণা শমীকের

রাজ্যের নাম পরিবর্তন নিয়ে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বাংলা কিংবা ইংরেজি—যেকও মাধ্যমেই রাজ্যের নাম কেবল ‘পশ্চিমবঙ্গ’ই থাকবে। বিধানসভার আগামী অধিবেশনেই এই মর্মে আনুষ্ঠানিক বিল আনা হবে বলে সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি নিশ্চিত করেছেন। কেরলের নাম বদলের প্রসঙ্গ তুলে তিনি জানান, এখন থেকে আর কোনও ‘ওয়েস্ট বেঙ্গল’ বা ‘বাংলা’ নয়, সব ভাষাতেই এবার থেকে একটাই নির্দিষ্ট নাম বহাল রাখা হবে।
এই নামকরণের নেপথ্যে দেশভাগের সময়ে আত্মত্যাগকারী শহীদদের ইতিহাস ও আবেগের কথা স্মরণ করিয়ে দেন শমীক। উল্লেখ্য, প্রশাসনিক কাজের সুবিধার্থে অতীতে একাধিকবার রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলেও কেন্দ্রীয় নিয়ম ও বিভিন্ন রাজনৈতিক জটিলতায় তা থমকে যায়। দীর্ঘ আড়াই দশক ধরে ঝুলে থাকা এই নামসংক্রান্ত বিতর্ক এবং বিধানসভায় নতুন বিল পেশের এই সিদ্ধান্ত বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।