আবারও নিম্নচাপের ভ্রুকুটি! ভাসবে ৭ জেলা, ঝড়ের তাণ্ডবে জারি লাল সতর্কতা?

ফের নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে টানা দুর্যোগ ও ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা ও সংলগ্ন দক্ষিণবঙ্গের উপর তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া-সহ মোট সাতটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতা ও তার পার্শ্ববর্তী শহরাঞ্চলেও বৃষ্টির দাপট বাড়ার আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির কারণে নিচু এলাকাগুলিতে সাময়িক জল জমার পাশাপাশি যান চলাচলেও বিঘ্ন ঘটতে পারে। ১৩ ও ১৪ অগাস্ট দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কয়েকটি জায়গায় ভারী বর্ষণ হতে পারে। প্রতিকূল এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।