‘বিএনপি কি ভারতকে ভয় পাচ্ছে?’ জুলাই জাদুঘর পরিদর্শনে গিয়ে বিস্ফোরক নাহিদ ইসলাম

ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যেমন বদলেছে, তেমনই স্পষ্ট হয়ে উঠছে ভারত-বিরোধী সুর। সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির নেতা তথা জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যে সেই সুর আরও জোরালো হলো। গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ এবার সরাসরি নিশানায় তুলেছেন দেশের বর্তমান শাসক দল বিএনপি-কে। তাঁর সাফ প্রশ্ন— “বিএনপি কি ভারতকে ভয় পাচ্ছে?”
শনিবার সকালে দলের একটি প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে সদ্য নির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ (প্রাক্তন গণভবন) পরিদর্শনে যান নাহিদ ইসলাম। সেখানে পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জাদুঘরের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে ক্ষোভ উগরে দেন।
নাহিদের দাবি, জাদুঘরে তৎকালীন ‘ভারতীয় আগ্রাসনের চিত্র’ যেভাবে ফুটিয়ে তোলার কথা ছিল, তা বাস্তবে অনুপস্থিত। তিনি বলেন:
“এখানে সীমান্তে ভারতীয় বিএসএফ-এর হাতে নিহত বাংলাদেশি ভাইবোনদের তালিকা ও ফেলানির একটি ভাস্কর্য ছিল। এ ছাড়া মোদী-বিরোধী আন্দোলনের বেশ কিছু ছবিও রাখা হয়েছিল। কিন্তু সেই স্মৃতিচিহ্নগুলি সরিয়ে ফেলা হয়েছে। বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে। তা না হলে ইতিহাসের অঙ্গ হয়ে থাকা এই সত্যগুলোকে কেন সরিয়ে দেওয়া হবে?”
অভিযোগ তুলে নাহিদ আরও জানান যে, জাদুঘরে সার্বিক ইতিহাসের বদলে রাজনৈতিক দল হিসেবে বিএনপি-র নিজস্ব নির্যাতন ও আত্মত্যাগের কনটেন্ট বা বয়ান অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। যদিও তাঁর মতে, এই জাদুঘরের প্রদর্শনী সময়ের সঙ্গে সঙ্গে আপডেট হওয়ার কথা।
কূটনৈতিক সম্পর্কের পারদ নিম্নমুখী
হাসিনা সরকারের পতনের পর থেকেই দিল্লি ও ঢাকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন অব্যাহত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ভারত-বিরোধী হাওয়া জোরালো হচ্ছে, একই সঙ্গে সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনা ও পাকিস্তানের দিকে ঢাকার কূটনৈতিক ঝুঁকে পড়ার প্রবণতা সম্পর্কের উন্নতিতে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এমন পরিস্থিতিতে বিএনপি-র বিরুদ্ধে নাহিদ ইসলামের এই আক্রমণ বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিল।