জেন-জির মন বুঝতে কি ব্যর্থ দল! থারুরের আত্মসমালোচনায় শোরগোল!

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি তরুণ প্রজন্মের কাছে কাঙ্ক্ষিত সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে বলে খোলামেলা স্বীকার করে নিলেন কংগ্রেসের প্রবীণ সাংসদ শশী থারুর। সম্প্রতি ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নেতৃত্বাধীন আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি নিজের দলের ভেতরের মূল ত্রুটি নিয়ে সোচ্চার হন। মুম্বইতে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনস-এর ১৫তম বর্ষপূর্তির অনুষ্ঠানে থারুর প্রশ্ন তোলেন, তবে কি ‘জেন-জি’ প্রজন্মের পালস বুঝতে কংগ্রেস ব্যর্থ হয়েছে?
থারুর উল্লেখ করেন, যন্তর মন্তরে সিজেপি-র আন্দোলনের মতো বিষয়গুলো কংগ্রেস আগেই তুলে ধরেছিল, কিন্তু তা সত্ত্বেও তা মানুষের মনে দাগ কাটেনি। তিনি জানান, কেবল ইস্যু চিহ্নিত করা নয়, কেন দলের বার্তা যুবসমাজের হৃদয়ে পৌঁছাল না তা খতিয়ে দেখা প্রয়োজন। বংশানুক্রমিক রাজনীতি ও পুরনো কাঠামোর কারণে তরুণদের মূল ধারার রাজনীতিতে জায়গা পাওয়া কঠিন বলে তিনি মত প্রকাশ করেন। দলগুলো যুবসমাজের ভাষা না বুঝলে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বলে সতর্ক করেন থারুর।