পুজোর আগেই চরম আর্থিক সঙ্কটে ‘মমতা তৃণমূল’! টাকা আটকালেন স্পেশ্যাল অফিসার, হাইকোর্টেও মেলেনি স্বস্তি
.jpeg.webp?w=800&fit=800,533&ssl=1)
দুর্গাপুজোর মরসুমের মুখে বড়ো ধরনের আর্থিক জটিলতার মুখে পড়ল ‘মমতা তৃণমূল’। ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাশোনার দায়িত্বে থাকা আদালতের নিযুক্ত স্পেশ্যাল অফিসার উৎসবের আগে প্রয়োজনীয় তহবিল ছাড়তে অস্বীকার করায় দলীয় কর্মচারীদের বকেয়া বেতন ও কার্যালয়ের ভাড়া মেটানো নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে অবিলম্বে তহবিল ব্যবহারের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও কালীঘাট নেতৃত্ব বড়ো ধাক্কা খেয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য ছুটির আগে তড়িঘড়ি শুনানির আবেদন খারিজ করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পুজোর ছুটির পর স্বাভাবিক নিয়মেই এ বিষয়ে শুনানি হবে।
এর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় আদালত দৈনিক খরচের স্বার্থে তহবিল ব্যবহারের অধিকার বহাল রাখলেও, নির্বাচন কমিশনের নাম ও প্রতীক সংক্রান্ত নির্দেশ ঘিরে আইনি জটিলতা পুরোপুরি কাটেনি। আদালতের পূর্ববর্তী নির্দেশ থাকা সত্ত্বেও পুজোর মুখে স্পেশ্যাল অফিসার তহবিল ছাড়তে নারাজ হওয়ায় এবং আদালত অবিলম্বে হস্তক্ষেপ না করায় আপাতত চরম আর্থিক সঙ্কটের মধ্যেই দিন কাটাতে হচ্ছে কালীঘাট নেতৃত্বকে।