রাজ্য সড়কে টোটোর তাণ্ডব শেষ! বড় পদক্ষেপে কড়া নির্দেশিকা জারি প্রশাসনের
August 8, 20267:52 pm

জাতীয় ও রাজ্য সড়কসহ গুরুত্বপূর্ণ প্রধান সড়কগুলোতে অনুমোদনহীন ই-রিকশা বা টোটোর চলাচল সম্পূর্ণ বন্ধ করতে রাজ্য পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছে পরিবহন দফতর। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের নির্দেশিকা ও ২০১৬ সালের রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, টোটো মূলত লাস্ট-মাইল কানেক্টিভিটির জন্য নির্ধারিত এবং নির্দিষ্ট স্থানীয় রাস্তা ছাড়া প্রধান সড়কে এর চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
পরিবহন দফতরের প্রধান সচিবের পাঠানো এই চিঠিতে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন সড়কে টোটো চলাচলের ফলে তীব্র যানজট তৈরি হচ্ছে এবং সড়ক নিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় অধস্তন পুলিশ আধিকারিকদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী এবার আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।