সোনা জিতেও এই কী হাল! দু’ঘণ্টা বসিয়ে রেখে শেষ পর্যন্ত দেখা না করেই ফেরানো হল কমনওয়েলথ জয়ীকে!

কমনওয়েলথ গেমসে দেশের মুখ উজ্জ্বল করে ইতিহাস গড়া প্যারা অ্যাথলিট দিলীপ গাভিতকে দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে অপমান করার অভিযোগ উঠল। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরের তরফে আমন্ত্রিত হয়েও তাঁর দেখা না পেয়ে অবশেষে হতাশ হয়ে ফিরে আসতে বাধ্য হন দেশের এই কৃতি সোনাজয়ী। নাসিকে রাজ ঠাকরের সঙ্গে সাক্ষাতের নির্ধারিত সময়ে কোচ বৈজনাথ কালেক সঙ্গে নিয়ে যথাসময়ে উপস্থিত হয়েছিলেন দিলীপ। কিন্তু টানা দু’ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করার পরেও নেতার সাক্ষাৎ মেলেনি। এমএনএস কর্মীরা আরও কিছুক্ষণ অপেক্ষা করার অনুরোধ করলেও তাঁরা আর সেখানে থাকেননি।
পিটিআই সূত্রে জানা গিয়েছে, ব্যস্ততার কারণে ওই নেতার সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। উল্লেখ্য, মাত্র চার বছর বয়সে দুর্ঘটনার কবলে পড়ে ডান হাত হারানো কৃষক পরিবারের সন্তান দিলীপ লড়াইয়ের পথ পেরিয়ে টি৪৭ ১০০ মিটার ইভেন্টে দেশের হয়ে প্রথম সোনা জয়ের গৌরব অর্জন করেছেন। সোনালি সাফল্যের পর সংবর্ধনার কথা বলে ডেকে এভাবে বসিয়ে রাখার ঘটনায় ক্রীড়ামহলে সমালোচনার ঝড় উঠেছে।