স্বামীর পরকীয়া হাতেনাতে ধরে ফেলায় স্ত্রীকে খুঁটিতে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারল যুবক!

স্বামীর পরকীয়া হাতেনাতে ধরে ফেলায় স্ত্রীকে খুঁটিতে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারল যুবক!

ভিডিওকলে স্বামীর পরকীয়া হাতেনাতে ধরে ফেলায় মোবাইল ফোন ভেঙে ফেলেছিলেন স্ত্রী। আর তার খেসারত দিতে হলো মর্মান্তিক পরিণতি দিয়ে। মালদহের মানিকচক থানা এলাকায় স্ত্রীকে বাঁশের খুঁটিতে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে। পুলিশের কাছে দেওয়া অভিযোগে জানা গিয়েছে, বছর খানেক আগে বিহারের কাটিহারের বাসিন্দা চুন্নি খাতুনের সঙ্গে মানিকচকের নুরপুরের ব্যবসায়ী সামিউল শেখের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই স্বামী অন্য এক তরুণীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ। বাড়িতে বসেই মোবাইল ফোনে ভিডিওকলে সেই তরুণীর সঙ্গে কথা বলত সামিউল। দিন কয়েক আগে সেই দৃশ্য দেখেফেলায় স্ত্রী প্রতিবাদ করেন এবং ক্ষিপ্ত হয়ে স্বামীর মোবাইল ফোনটি আছড়ে ভেঙে ফেলেন।

মোবাইল ভাঙার এই ঘটনার পরই সামিউল ও তার বাড়ির লোকজন চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ওই গৃহবধূকে বাঁশের খুঁটিতে বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রতিবেশীরা গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে মালদহ মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃতার পরিবারের পক্ষ থেকে মানিকচক থানায় সামিউল শেখ, দেওর আনিস শেখ, ননদ চামেলি বিবি এবং শাশুড়ি দিলনুর বিবির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই মৃতার শ্বশুরবাড়ির সকলে পলাতক রয়েছেন। পুলিশ একটি খুনের মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *