ডিউটি শেষ করে বাড়ি ফেরা হলো না, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিআইএসএফ জওয়ান!
শনিবার ডিউটি সেরে কসবা থেকে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন ৪৫ বছর বয়সি সিআইএসএফ জওয়ান অরূপ পাত্র। সল্টলেকের সুকান্ত নগর লোহাপুলের কাছে পৌঁছানোর পর একটি বেপরোয়া বেসরকারি বাসের সঙ্গে তাঁর বাইকের ধাক্কা লাগে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর জখম হন। ঘটনার পরেই বাসের কন্ডাক্টর তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাঁকুড়ার বাসিন্দা অরূপ কর্মসূত্রে কলকাতায় বসবাস করতেন এবং তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সুকান্ত নগর থেকে চিংড়িঘাটা হয়ে ধুলাগড়গামী ওই বাসটির সঙ্গে দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাস কন্ডাক্টরের দাবি অনুযায়ী, জওয়ান নিজে থেকেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে বাসের নিচে চলে যান, যদিও বাসের চাকা তাঁর শরীরের ওপর দিয়ে যায়নি বলে দাবি করা হয়েছে। খবর পাওয়া মাত্রই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাসটি ও জওয়ানের দুমড়ে-মুচড়ে যাওয়া বাইকটি বাজেয়াপ্ত করে। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃত জওয়ানের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে।