বুদ্ধবাবুর ভবিষ্যদ্বাণী কি সত্যিই মিলে গেল? এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণে বড় পদক্ষেপ সিপিএমের!

রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে দূরদর্শী ও ভবিষ্যৎদ্রষ্টা হিসেবে অভিহিত করে তাঁর নামে একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক চর্চাকেন্দ্র গড়ে তোলার বড় ঘোষণা করল সিপিএম। সম্প্রতি এক স্মরণসভায় দলীয় নেতৃত্ব জানান, তৃণমূল জমানায় সংঘটিত নানা পরিবর্তন নিয়ে বুদ্ধবাবু অতীতে যে সতর্কবার্তা দিয়েছিলেন, বর্তমান পরিস্থিতির সঙ্গে তা মিলে যাচ্ছে। তাঁর এই রাজনৈতিক দর্শন ও দূরদর্শিতাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের বহুমুখী প্রতিভাকে স্মরণ করে দলীয় নেতৃত্ব জানান, রবীন্দ্রচর্চা থেকে শুরু করে তাঁর সাংস্কৃতিক অনুরাগ এক অনন্য উচ্চতায় ছিল। তাঁর সেই বর্ণময় জীবন, কাজকর্ম এবং নানান দুর্লভ নথি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে একটি বিশেষ ওয়েবসাইট পেজ তৈরি করা হচ্ছে। সেই সঙ্গে জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের আদলে বুদ্ধবাবুর নামে প্রস্তাবিত এই চর্চাকেন্দ্রটির নামকরণের ক্ষেত্রেও সাধারণ মানুষের থেকে মতামত নেওয়া হবে বলে জানানো হয়েছে।