আবাস যোজনার টাকা কি সোজা পকেটে! ৩৫০ পঞ্চায়েতে বিশেষ অডিটের কড়া নির্দেশ দিলীপের!

রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলিতে দুর্নীতির শেকড় কত গভীরে, তা খতিয়ে দেখতে এবার নজিরবিহীন পদক্ষেপ করল প্রশাসন। রাজ্যজুড়ে প্রায় ১০ শতাংশ অর্থাৎ ৩৫০টি গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিটের নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। খড়গপুর গ্রামীণ থানাধীন বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান, বিগত সরকারের আমলের সমস্ত অনিয়ম এবং ওয়ার্ক অর্ডার ছাড়া তৈরি হওয়া রাস্তার কাজ কড়াভাবে রিভিউ করা হবে।
বিশেষ করে আবাস যোজনা প্রকল্পের দুর্নীতির প্রসঙ্গ টেনে মন্ত্রী জানান, ১২,৫০০ জন অযোগ্য ব্যক্তি অবৈধভাবে প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন। এর মধ্যে মাত্র ১ হাজার জন টাকা ফেরত দিলেও বাকিদের বিরুদ্ধে কঠোর নোটিশ পাঠানো হচ্ছে। স্বচ্ছতা ফেরাতে এবং দুর্নীতি দমন করতে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। বিধানসভায় পাস হওয়া পঞ্চায়েতোধনী বিলের পথ ধরে এই বিশেষ অডিট দুর্নীতির জাল ছিন্ন করবে বলে মনে করা হচ্ছে।