বর্ষায় একাকিত্ব ঘিরে ধরে? ভারতীয় তরুণদের ৭৬ শতাংশের মনের খবর জানাল নতুন সমীক্ষা

বাইরে অঝোর ধারায় বৃষ্টি নামলে অনেকেরই মনে হয় সঙ্গীহীনতা। এই অনুভূতি শুধু আপনার একার নয়, সম্প্রতি একটি জনপ্রিয় ডেটিং অ্যাপের সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। প্রায় আড়াইশো অবিবাহিত ভারতীয় তরুণের ওপর চালানো এই সমীক্ষা জানাচ্ছে, প্রায় ৭৬ শতাংশ তরুণ-তরুণী বর্ষার দিনে নিজেকে অন্য সময়ের চেয়ে অনেক বেশি একা অনুভব করেন। আর এই একাকিত্ব কাটানোর তাগিদেই ডেটিং অ্যাপ, সোশ্যাল মিডিয়া কিংবা কফিশপে ভিড় বাড়ছে সঙ্গীহীন মানুষদের।
বিশেষজ্ঞদের মতে, আবহাওয়া সরাসরি মানুষের মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলে। বৃষ্টির দিনে মানুষের মনের অন্দরমহলে এক অমোঘ রোমান্টিকতা কাজ করে, যা দীর্ঘদিনের পরিচিত মানুষ বা পথচলতি অচেনা ব্যক্তির প্রতিও নতুন করে দুর্বলতা তৈরি করতে পারে। বৃষ্টির কারণে রাস্তায় আটকে পড়া বা ট্র্যাফিক জ্যামের মতো পরিস্থিতিতে মানুষের কাছাকাছি আসার সুযোগ বাড়ে, যা অনেক সময় সাময়িক মানসিক নির্ভরশীলতা কিংবা প্রেমের জন্ম দেয়। মূলত সিজনাল মুড বা আবহাওয়াজনিত পরিবর্তনের কারণেই এমন রোমান্টিক আবহে মানুষের মন ভালোবাসার সঙ্গী খুঁজে পেতে ব্যাকুল হয়ে ওঠে।