পারিবারিক বিবাদের জেরে এক অদ্ভুত কান্ড, নিজের সন্তানকেই ‘চুরি’ করে পালালেন বাবা!

পারিবারিক অশান্তির জেরে এক বছরের শিশুকন্যাকে নিয়ে বাপের বাড়ি চলে এসেছিলেন স্ত্রী। শুক্রবার রাতে সেই সন্তানকে শ্বশুরবাড়ি থেকে জোর করে নিয়ে পালানোর চেষ্টার অভিযোগ উঠল খোদ বাবার বিরুদ্ধে। জলপাইগুড়ি শহরের বোস পাড়া এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত রানা মণ্ডল নিয়মিত মদ খেতেন বলে অভিযোগ, যার জেরে স্ত্রী গীতা দেবী কিছুদিন আগে সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে আসেন। শুক্রবার রাতে স্ত্রী শৌচালয়ে যাওয়ার সুযোগ নিয়ে রানা ঘরে ঢুকে শিশুটিকে তুলে চম্পট দেওয়ার চেষ্টা করেন।
পালানোর সময় স্থানীয় এক বাসিন্দা কান্নার শব্দ শুনে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে দ্রুত চলে যেতে দেখেন। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় ধাওয়া করা হলে অভিযুক্ত ব্যক্তি সন্তানকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে কোতয়ালি থানার পুলিশ পৌঁছয়। ঘটনার পর আতঙ্কিত মা গীতা দেবী স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত রানার খোঁজে তল্লাশি শুরু করলেও এখনও পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।