১২ বছর স্কুলে না গিয়েই পকেটে সরকারি বেতন! নেপথ্যে কোন রাজনৈতিক রহস্য?

মালদার হবিবপুর ব্লকের কাঁঠাল বানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে দীর্ঘ প্রায় এক দশক ধরে ক্লাসে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তোলার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক মৃগাঙ্কমোহন রায়ের স্ত্রী স্থানীয় জাজইল গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে আসীন রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাসক দলের রাজনৈতিক প্রভাব খাটিয়েই তিনি বছরের পর বছর এই অনিয়ম চালিয়ে গেছেন। গত ২৭ জুলাই এলাকার একদল গ্রামবাসী এই বিষয়ে প্রশাসন ও শিক্ষা দপ্তরের উচ্চপর্যায়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ জমা পড়ার পরই নড়েচড়ে বসেছে শিক্ষা দপ্তর এবং শুরু হয়েছে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত।
এদিকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তিনি কিছুদিন স্কুলে যেতে পারেননি, তবে ১২ বছর অনুপস্থিত থাকার তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। অন্যদিকে, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক তথা ডিপিএসসির চেয়ারম্যান মলয় মণ্ডল জানিয়েছেন, বিষয়টি সমগ্র শিক্ষা মিশনকে খতিয়ে দেখতে বলা হয়েছে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।